- আন্তর্জাতিক ডেস্ক ::
হরমুজ প্রণালি পুনরায় বন্ধ করে দিয়ে ইরান ‘একটু বেশি চালাকি’ করেছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে ওয়াশিংটন তাদের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে এবং দিনের শেষ নাগাদ এ বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যাবে বলে জানিয়েছেন তিনি।
শনিবার হোয়াইট হাউসে এক ব্রিফিংয়ে ট্রাম্প বলেন, আজ প্রণালিটি বন্ধ থাকা সত্ত্বেও ইরানের সঙ্গে সংলাপ ‘বেশ ভালোভাবেই এগোচ্ছে’।
তিনি জোর দিয়ে বলেন, আমরা তাদের সঙ্গে কথা বলছি। দিনের শেষে আমাদের কাছে এ বিষয়ে কিছু তথ্য থাকবে।
গুরুত্বপূর্ণ এই জলপথ বন্ধ করার ইরানি সিদ্ধান্তের বিষয়ে ট্রাম্প বলেন, তারা ‘একটু বেশি চালাকি’ করেছে।
তিনি বলেন, ‘‘ইরান আবারও প্রণালিটি বন্ধ করতে চেয়েছিল। তবে তারা আমাদের ব্ল্যাকমেইল করতে পারবে না।’’
বিশ্বের মোট অপরিশোধিত তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের প্রায় এক-পঞ্চমাংশ যে পথ দিয়ে পরিবাহিত হয়, সেই প্রণালি উন্মুক্ত করার ঘোষণা দেওয়ার ঠিক একদিন পরই শনিবার ইরানের সামরিক বাহিনী সেটি আবারও বন্ধ ঘোষণা করেছে।
সূত্র: টাইমস অব ইসরায়েল, এএফপি।