প্রতিনিধি, দীপ্ত নিউজ:
খুলনার কয়রায় গভীর রাতে সিঁধ কেটে ঘরের ভেতরে ঢুকে ভবতোষ মৃধা (৪০) নামের এক ওষুধ ব্যবসায়ীকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এসময় স্বামীকে বাঁচাতে গিয়ে স্ত্রীও ধারালো অস্ত্রের কোপে গুরুতর আহত হয়েছেন। নিহত ভবতোষ মৃধা মহেশ্বরীপুর গ্রামের যশো মৃধার ছেলে।
রোববার (১৭ মে) গভীর রাতে উপজেলার মহেশ্বরীপুর ইউনিয়নের মহেশ্বরীপুর গ্রামে ঘটনাটি ঘটেছে। ঘটনায় স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ও ক্ষোভ বিরাজ করছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভবতোষ স্থানীয় গিলাবাড়ি বাজারে ওষুধের ব্যবসা করতেন। রোববার রাতে প্রতিদিনের মতো পরিবার নিয়ে ঘুমিয়ে ছিলেন ভবতোষ। এরপর আনুমানিক রাত ১টার দিকে একদল দুর্বৃত্ত ঘরের সিঁধ কেটে ভেতরে প্রবেশ করে।
এসময় ঘরের ভেতরে অপরিচিত মানুষের উপস্থিতি টের পেয়ে ভবতোষ বাধা দেওয়ার চেষ্টা করলে দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকে। একপর্যায়ে ঘাতকরা তার শ্বাসনালি কেটে নৃশংসভাবে হত্যা নিশ্চিত করে। এ সময় তার স্ত্রী স্বামীকে বাঁচাতে এগিয়ে এলে দুর্বৃত্তরা তাকেও কুপিয়ে গুরুতর জখম করে।
এসময় তাদের আত্মচিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে রক্তাক্ত অবস্থায় ভবতোষ মৃধাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। যদিও গুরুতর আহত স্ত্রী সেখানেই চিকিৎসাধীন রয়েছে। যদিও তার অবস্থাও আশঙ্কাজনক।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কয়রা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. শাহ আলম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। যদিও নৃশংস এ হত্যাকাণ্ডের পেছনে শুধু চুরি নাকি অন্য কোনো শত্রুতা রয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। এই ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
সর্বশেষ আলোচিত এ হত্যাকাণ্ডের ঘটনায় মহেশ্বরীপুর ও গিলাবাড়ি বাজারের ব্যবসায়ীদের মধ্যে চরম নিরাপত্তাহীনতা ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। দ্রুত ঘটনার সুষ্ঠু তদন্তে দোষীদের চিহ্নিত করে বিচারের দাবি জানান ব্যবসায়ীরা।