খুলনা মহানগরীর সদর থানাধীন পাওয়ার হাউজ মোড় এলাকায় অন্তঃসত্ত্বা গৃহবধূকে ধর্ষণের মামলার ৬ ঘন্টার মধ্যে গতকাল বৃহস্পতিবার ( ১০ নভেম্বর) রাতে ধর্ষককে গ্রেপ্তার করেছে র্যাব। গ্রেপ্তারকৃত আসামিকে কেএমপি খুলনা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব সূত্রে জানা যায়, ৫ নভেম্বর রাতে নগরীর পাওয়ার হাউজ মোড় এলাকায় একজন অন্তঃসত্ত্বা গৃহবধূ স্বামীর বাড়ি থেকে বাবার বাড়ির উদ্দেশ্যে রওয়ানা করে। পথিমধ্যে রাত আনুমানিক একটার দিকে আসামি শাহ আলম আকন পাওয়ার হাউজ মোড়ে একটি অন্ধকার গলিতে ভিকটিমকে নিয়ে তার ইচ্ছার বিরুদ্ধে জোর পূর্বক ধর্ষণ করে। এ বিষয়ে ভিকটিমের পিতা বাদী হয়ে কেএমপি খুলনার সদর থানায় গতকাল বৃহস্পতিবার ১০ নভেম্বর একটি ধর্ষণ মামলা দায়ের করেন। ঘটনাটি জানার পর র্যাব-৬ (সদর কোম্পানি) এর একটি আভিযানিক দল আসামি গ্রেপ্তারের লক্ষ্যে গোয়েন্দা তৎপরতা শুরু করে।
এরই ধারাবহিকতায় র্যাব-৬ (সদর কোম্পানি) খুলনার একটি আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ওইদিন রাত ১০টার দিকে কেএমপি খুলনার সদর থানাধীন রেলস্টেশন এলাকায় অভিযান পরিচালনা করে মামলা দায়েরের ০৬ ঘন্টার মধ্যেই অভিযুক্ত ওই ধর্ষণ মামলার আসামি শাহ আলম আকন(৬২) কে গ্রেপ্তার করে। সর্বশেষ গ্রেপ্তারকৃত আসামিকে কেএমপি খুলনা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।