খুলনা প্রতিনিধি:
খুলনায় রং মিস্ত্রী ইমন শেখ (২২) হত্যার ২৪ ঘন্টা পেরোনোর আগেই ঐ ঘটনায় দায়েরকৃত মামলায় অস্ত্র ও গুলিসহ ৫ জনকে আটক করেছে সোনাডাঙ্গা থানা পুলিশ। বৃহস্পতিবার (০৫ অক্টোবর) দিবাগত রাতভর নগরীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হল, নাজমুস সাকিব জাকারিয়া, রিয়াজ (৩২), বুলু পাটোয়ারী (৩৫), আকাশ হাওলাদার (২০) ও আপন খাঁ (২২)।
শুক্রবার (০৬ অক্টোবর) দুপুরে সোনাডাঙ্গা থানা প্রাঙ্গণে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) ডেপুটি পুলিশ কমিশনার (দক্ষিণ) মোহাম্মদ তাজুল ইসলাম এ তথ্য জানান।
প্রেস ব্রিফিংয়ে কে এমপি কমিশনার জানান, বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে মোটরসাইকেলযোগে ২০-২১ জন আসামি নগরীর সোনাডাঙ্গা থানাধীন গোবরচাকা গাবতলা মোড় ভাজাওয়ালার গলির তালুকদার লেনের মোহাম্মদ খার বাড়ির সামনে এসে এলোপাতাড়ি গুলি চালায়। এ সময় ইমন শেখের বুকের বাম পাজরের নিচে গুলিবিদ্ধ হয়।

তাৎক্ষণিক স্থানীয়রা ইমনকে উদ্ধার করে গুরুতর অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে চিকিৎসার জন্য ভর্তি করে। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৮টার দিকে ইমনের মৃত্যু হয়।
এ ঘটনায় নিহত ইমনের পিতা মোঃ সানোয়ার হোসেন বাদী হয়ে সোনাডাঙ্গা থানায় ১৭ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা ৪/৫ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন। ঘটনার পর মামলার জেরে পুলিশ নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে পাঁচজনকে আটক করে। এসময় তাদের একজনের কাছ থেকে একটি কালো রঙের ওয়ান শুটার গান ও এক রাউন্ড পিস্তলের গুলি উদ্ধার করা হয় বলেও প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের জানান তিনি।