নিজস্ব প্রতিবেদক:
কয়রায় গভীর রাতে অবৈধভাবে কপোতাক্ষ নদী থেকে বালু উত্তোলনকালে ৪ জনকে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (২৪ সেপ্টেম্বর) রাত আনুমানিক ৩টার দিকে কপোতাক্ষ নদী থেকে তাদের আটক করা হয়। পরে আটককৃতদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক লাখ টাকা জরিমানা করে মুচলেকায় মুক্তি দেওয়া হয়।
আটককৃতরা হল, উপজেলার মদিনাবাদ গ্রামের জি. এম. সাহেব আলীর ছেলে জি. এম. হারুনার রশীদ (৩৫), লোকা গ্রামের মো. মোস্তফা ঢালীর ছেলে মো. মেহেদী হাসান (২৫), মদিনাবাদ গ্রামের রবিউল ইসলামের ছেলে মো. রিয়াজ হোসেন (২১) এবং আংটিহারা গ্রামের মো. আ. হাইয়ের ছেলে মো. দিদারুল ইসলাম।
সূত্র জানায়, গভীর রাতে অবৈধভাবে কপোতাক্ষ নদী থেকে বালু উত্তোলনের খবরে কয়রা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল বাকি ফোর্স সহ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ঘটনায় জড়িতদের আটক করেন। পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ১৫(১) ধারা লঙ্ঘনের দায়ে তাদেরকে ১ লক্ষ টাকা জরিমানা করা হয়।
কয়রা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল বাকি উক্ত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন । এসময় কয়রা থানা পুলিশের একটি টিম ভ্যাম্যমাণ আদালত পরিচালনায় সার্বিক সহযোগিতায় সেখানে উপস্থিত ছিলেন।