- আন্তর্জাতিক ডেস্ক ::
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা থেকে যাওয়ার আগ পর্যন্ত ইরান যুদ্ধ দীর্ঘায়িত করতে পারে বলে সতর্কতা দিয়েছেন ইসলামিক বিপ্লবী গার্ডের উপদেষ্টা মোহাম্মদ রেজা নাকদি।
সংবাদমাধ্যম পিবিএসকে দেওয়া সাক্ষাৎকারে গতকাল মঙ্গলবার (১১ আগস্ট) তিনি বলেন, “আমাদের এমন প্রতিরোধ ক্ষমতা অর্জন করতে হবে যেন শত্রু কখনো আমাদের ওপর হামলা চালানোর সাহস না পায় এবং আমরা নিরাপদে বসবাস করতে পারি। এর একটি উপায় হলো—যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট ক্ষমতা নেওয়ার আগ পর্যন্ত এই যুদ্ধ টেনে নেওয়া এবং শত্রুর ক্ষয়সাধন করা। যেন ভবিষ্যতে অন্য কেউ ইরানে আক্রমণের চিন্তা করলে বুঝতে পারে এর জন্য তাদের বড় ধরনের খেসারত দিতে হবে।”
রেজা নাকদি বর্তমানে বিপ্লবী গার্ডের কমান্ডারের উপদেষ্টা হিসেবে কাজ করছেন। তার নিজের কমান্ড দেওয়ার ক্ষমতা কম। তবে বিপ্লবী গার্ডের নেতৃবৃন্দের ওপর প্রভাব রয়েছে।
বর্তমানে যুদ্ধের নিয়ন্ত্রণ ইরানের হাতে আছে কি না? এমন প্রশ্ন করা হলে তিনি বলেন, “অবশ্যই, জয় আমাদের পাশে রয়েছে। যুক্তরাষ্ট্র কোনো কৌশল ছাড়া যুদ্ধ চালাচ্ছে। তারা প্রতি দুই থেকে তিনদিনে নতুন একটি লক্ষ্য ঠিক করে। যারমধ্যে খার্গ দ্বীপে স্থল হামলা ও হরমুজ প্রণালি খোলার বিষয়টিও আছে।”
তিনি আরও বলেছেন, “এই যুদ্ধ যত দীর্ঘ হবে, আমাদের অভিজ্ঞতাও তত বাড়বে। আমেরিকার বিরুদ্ধে কীভাবে লড়াই করতে হয়, সেই বাস্তব অভিজ্ঞতা অর্জনের মতো কোনো যুদ্ধ আমরা আগে কখনো দেখিনি। বিগত এই পাঁচ মাসে আমরা সেটা শিখে গেছি। এর পাশাপাশি আমেরিকান সেনাবাহিনী যে আমাদের ধারণার চেয়েও কতটা দুর্বল, সেটাও আমরা স্বচক্ষে দেখেছি।”
এছাড়া হরমুজে পণ্যবাহী জাহাজে ইরানের হামলা নিয়েও কথা বলেছেন রেজা নাকদি। তিনি বলেছেন, ইরানের ঠিক করা রুট বাদে কোনো জাহাজ গেলে সেটিকে শত্রুর জন্য রসদ সরবরাহকারী জাহাজ হিসেবে বিবেচনা করবেন তারা।
তিনি দাবি করেছেন ইরানের যদি কখনো মিসাইল ফুরিয়েও যায়, তখন যুক্তরাষ্ট্রের জন্য তারা আরও হুমকি হয়ে উঠবেন। কারণ তখন এই অঞ্চলে থাকা ইরানের অর্থনৈতিক যে অবকাঠামো ও স্বার্থ আছে সেগুলো তারা সহজে ধ্বংস করে দেবেন।
সূত্র: পিবিএস নিউজ