মোঃ আক্তারুজ্জামান লিটন, খুলনা ব্যুরো::
খুলনার ডুমুরিয়ায় সংখ্যালঘুদের উপর নির্যাতন ও অত্যাচরের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার ১লা সেপ্টেম্বর সকাল ১১টায় এরশাদ আলী সরদারের সভাপতিত্বে সচেতন এলাকাবাসী আয়োজনে, ডুমুরিয়ার গজালিয়া আঞ্চলিক সার্বজনিন দূর্গামন্দির চত্তরে উপজেলার মাগুরখালী ইউনিয়নের গজালিয়া গ্রামের হিন্দু সম্প্রদায়ের শতাধিক নারী-পুরুষ ঘন্টাব্যাপী এ মানব-বন্ধন কর্মসূচী পালন করে।
মানব-বন্ধন চলাকালে বিক্ষোভকারীরা খোরের আবাদ গ্রামের ইউনুছ আলী সরদার ও তার বাহিনী লাভলু সরদার, বাবলু সরদার,রুখছানা বেগমের বিরুদ্ধে বিভিন্ন নির্যাতনের অভিযোগ তুলে বক্তব্য রাখেন।
তারা বলেন, স্থানীয় ইউনুছ আলী সরদার ও তার লোকজন প্রতিনিয়ত এলাকার কোন না কোন হিন্দু সম্প্রদায়ের লোকজনদের নানা নির্যাতন-নিপীড়ণ চালাচ্ছেন। রীতিমতো অতিষ্ঠ হয়ে উপায়ান্তর না পেয়ে এসব অত্যাচার নির্যাতণের বিরুদ্ধে গত ১৪ আগস্ট সোমবার উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ করেও কোন সুরাহা না পেয়ে এসব অত্যাচার নির্যাতন বন্ধে তারা রাস্তায় নেমেছেন। এর আগে বিক্ষোভকারীরা দলবদ্ধ হয়ে ডুমুরিয়ার গজালিয়া আঞ্চলিক সার্বজনিন দূর্গামন্দির চত্তরে এলাকায় বিক্ষোভ মিছিল করে।
এসময় বক্তব্য রাখেন সমাজসেবক সুজিত মন্ডল,ভুক্তভোগী ইউপি সদস্য বিবেকানন্দ বৈরাগী,চপলা বৈরাগী,বন্ধনা গোলদারসহ এলাকার সচেতন নাগরিক।