ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি::
খুলনার ডুমুরিয়ার টিপনা নতুন রাস্তার রমজান ফকির ও তার ছেলে জোবায়ের ফকিরের বিরুদ্ধে কবরস্থান দখল করে মার্কেট নির্মাণসহ নানাবিধ অত্যাচারের অভিযোগ তুলে স্থানীয় প্রেসক্লাবে শনিবার (২৯ এপ্রিল) দুপুরে সংবাদ সম্মেলন করেছেন সেখানকার মো: সাজ্জাদ আলী ফকির।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, টিপনা নতুন রাস্তার মোড়ে দক্ষিণ পাশে ১২ শতাংশ জমি রয়েছে রমজান ফকির ও সাজ্জাদ ফকিরদের। যার ৭ শতক জমিতে কবরস্থান উল্লেখ করে সর্বশেষ বিআরএস রেকর্ড সম্পন্ন হয়েছে। যেখানে সাজ্জাদ ফকিরের নামে ৫ শতক জমি বাগান শ্রেণিভুক্ত হয়ে রেকর্ড হয়। ওই জায়গায় উভয় পরিবারের সদস্যদের দীর্ঘদিন ধরে কবর দেওয়া হচ্ছে। এমনকি রমজান ফকিরের বাবা ও মায়ের এবং দাদা-দাদি, ভাইবোন ও ছেলে মেয়েদের ওখানে কবর দেয়া হয়েছে। ওই কবরস্থানের সামনে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের পাশে এখন রমজান ফকির জোরপূর্বক মার্কেট নির্মান করছেন।
এ ব্যাপারে শান্তিপূর্ণভাবে একাধিক বার শালিশী বৈঠক হলেও রমজান ও তার ছেলে জোবায়ের এবং জামাই শাহিন সরদার (মেম্বর) এসব বৈঠকের কোন সিদ্ধান্ত মানতে রাজি হয়নি। বরং বার বার কাল্পনিক ঘটনা সাজিয়ে হয়রানীমূলক মামলা দিয়ে তাদেরকে হয়রানী করে আসছে। কোন প্রকার ঘটনা না ঘটলেও গত ১৭ এপ্রিল প্রশাসনকে ভুল বুঝিয়ে ৫ জনকে আসামি করে ডুমুরিয়া থানায় মামলা দায়ের করা হয়েছে।
মামলায় সাইফুল্লাহ ও জুয়েল বর্তমানে জেল হাজতে রয়েছেন। এসব হয়রানী বন্ধের দাবিতে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মোঃ সাজ্জাদ আলী ফকির। এ সময়ে অন্যন্যের মধ্যে উপস্থিত ছিলেন, ইউপি সদস্য মোঃ মহাসীন হোসেন শেখ, আব্দুল হান্নান শেখ, বি এন পির টিপনা ওয়ার্ডের সভাপতি মোঃ মোফাজ্জেল হোসেন শেখ, মাহামুদ শেখ, মতিয়ার রহমান গাজী, ফারুক ফকির প্রমুখ।