নিজস্ব প্রতিবেদক::
খুলনার পাইকগাছায় বসত-বাড়ির আঙিনায় নেটজাল তুলে দেওয়াকে কেন্দ্র করে তর্ক-বিতর্কে জড়িয়ে ভাইপো’র লাঠির আঘাতে বৃদ্ধ কাকা কুশিলাল মন্ডল (৭৫) নিহত হয়েছে। এ ঘটনায় নিহতের ছেলে কৃষ্ণ মন্ডল গুরুতর যখম হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
ঘটনাটি ঘটেছে সোমবার রাত সাড়ে ৯ টার দিকে উপজেলার চাঁদখালী ইউনিয়নের কৃষ্ণনগর গ্রামে। ঘটনায় দায়ের করা মামলায় নিহতের বড় ভাই রনজিৎ মন্ডল ওরফে লব (৭৮) ও তার ছেলে গোবিন্দ মন্ডল (৫৫) কে আটক করেছে।
খবর পেয়ে সহকারী পুলিশ সুপার ( ডি সার্কেল) মোঃ সাইফুল ইসলামসহ থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ওবায়দুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
থানা পুলিশ জানায়, এ ঘটনায় নিহতের ছেলে কৃষ্ণ মন্ডল বাদী হয়ে ধৃত রনজিৎ ও তার ছেলে গোবিন্দ মন্ডলসহ অন্যান্যদের বিরুদ্ধে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে।
থানা পুলিশ ও নিহতের পরিবারের সদস্যরা বলছেন, উঠানের সীমানায় নেটজাল তুলে দেওয়াকে কেন্দ্র করে ঘটনার দিন তারা পরষ্পর বিতর্কে জড়িয়ে গোবিন্দ-বিশ্বজিৎরা এ ঘটনা ঘটিয়েছে।