- পাইকগাছা(খুলনা)প্রতিনিধি ::
ভোক্তা অধিকার সংরক্ষণ, বাজার ব্যবস্থাপনায় শৃঙ্খলা নিশ্চিত এবং আইন অমান্যকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে পাইকগাছা পৌর এলাকায় মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।
মঙ্গলবার (৩ জানুয়ারি) বিকেলে পাইকগাছা বাজার এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
মোবাইল কোর্ট অভিযানের নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ ফজলে রাব্বী। অভিযানকালে পাইকগাছা বাজারের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান পরিদর্শন করা হয়।
এ সময় কসমেটিক পণ্য বিক্রয়কারী প্রতিষ্ঠান ‘বাবু লেদার’-এ অনিয়মের প্রমাণ পাওয়ায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রতিষ্ঠানটিকে ১ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
একই সঙ্গে সংশ্লিষ্ট ব্যবসায়ীকে ভবিষ্যতে এ ধরনের অনিয়ম না করার জন্য কঠোরভাবে সতর্ক করা হয়।
এছাড়া শাহাদাৎ হাকিমের ঔষধের দোকান, বিভিন্ন গ্যাস সিলিন্ডারের দোকান, স্বর্ণের দোকান, মিষ্টির দোকানসহ আরও কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠান পরিদর্শন করা হয়।
এ সময় সংশ্লিষ্ট দোকান মালিকদের প্রাথমিকভাবে সতর্কবার্তা প্রদান করা হয় এবং আইন ও বিধি মেনে ব্যবসা পরিচালনার নির্দেশনা দেওয়া হয়।
এসময়ে সহকারী কমিশনার ভূমি মোঃ ফজলে রাব্বী, ব্যবসায়ীদের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মূল্য তালিকা প্রদর্শন, বৈধ কাগজপত্র সংরক্ষণ, অবৈধ ও মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রয় থেকে বিরত থাকা এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন মেনে চলার বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন।
অভিযানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বিএসটিআই পরিদর্শক তরিকুল সুমন, উপজেলা ভূমি অফিসের পেশকার মোঃ আনিসুর রহমান।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরী বলেন, জনস্বার্থ রক্ষা ও সাধারণ মানুষের অধিকার নিশ্চিত করতে উপজেলা প্রশাসন নিয়মিত বাজার তদারকি ও মোবাইল কোর্ট পরিচালনা করছে।
তিনি আরও জানান, ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
উপজেলা প্রশাসনের এ উদ্যোগকে স্থানীয় সচেতন মহল স্বাগত জানিয়েছে। তারা মনে করছেন, নিয়মিত বাজার তদারকির মাধ্যমে ভোক্তাদের অধিকার আরও সুরক্ষিত হবে।