শেখ নাদীর শাহ্::
খুলনার পাইকগাছা উপজেলার কপিলমুনিতে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ঘূর্ণিঝড় সিত্রাং’র রাতে দীর্ঘদিনের কাশিমেশ্বরী মন্দিরের রাস্তা দখল করে রাতারাতি আরো একটি মন্দির প্রতিষ্ঠার অভিযোগ উঠেছে। পূর্ব প্রতিষ্ঠিত কাশিমেশ্বরী মন্দির কমিটির সাথে স্থানীয় একটি মহলের গোলযোগের সূত্র ধরে তারা এর যাতায়াতের পথ দখল করে পূর্ব কাশিমনগর মাতৃ মন্দির নামে ঐ মন্দিরটি প্রতিষ্ঠা করেন।
সর্বশেষ ২৪ অক্টোবর ঘূর্ণিঝড় সিত্রাং’র দূর্যোগের রাতে এলাকাবাসীসহ কাশিমেশ্বরী মন্দিরের পূজারীরা যখন নিরাপদ আশ্রয় নেয়। ঠিক ঐ রাতে দখলদাররা নব প্রতিষ্ঠিত মাতৃ মন্দিরের পাশের রাস্তা দখল করে মন্দির সম্প্রসারণ করে। ২৫ অক্টোবর সকালে স্থানীয়রা বাড়ির বাইরে এসে দেখে মন্দিরসহ তাদের যাতায়াতের একমাত্র রাস্তার সমুদয় ইট উঠিয়ে পাশের খাদে ফেলে দিয়ে সেখানে নতুন মন্দির সম্প্রসরাণ করা হয়েছে। খবর পেয়ে ৩ নং ওয়ার্ড ইউপি সদস্য মো: অজিয়ার রহমান ঘটনাস্থলে আসলে ভূক্তভোগীসহ কাশিমেশ্বরী মন্দির কমিটির লোকজন পুনরায় সেখানে রাস্তার কাজ শুরু করলে মাতৃমন্দিরের পক্ষে স্থানীয় মৃত ভগবান মন্ডলের ছেলে তরুন মন্ডল, গৌতমের ছেলে সুজন মন্ডল, অনিলের ছেলে দীনবন্ধু ও বিকাশ মন্ডলসহ অন্যান্যরা এতে বাঁধা দেয়। এসময় মৃত সুবোল সরকারের ছেলে বিশ্বানাথ সরকার, তার ছেলে নয়ন সরকার, নিমাই সরকারের ছেলে রাম সরকার ও তাপস সরকারের স্ত্রী বিথিকা রানী সরকারকে পিটিয়ে আহত করে তারা।
খবর পেয়ে কপিলমুনি পুলিশ ফাঁড়ির এএসআই হুমায়ুনের নের্তৃত্বে একদল পুলিশসহ স্থানীয় ইউপি সদস্য রফিকুল ইসলাম ঘটনাস্থলে উপস্থিত হলে পরিস্থিতি শান্ত হয়। স্থানীয়রা জানান, ভগবানের ছেলে তরুন মন্ডল তাপসের স্ত্রী বিথিকাকে মারপিট করতে থাকলে এলাকাবাসী এগিয়ে গেলে দ্রুত পালিয়ে নিতাইয়ের ঘরে ওঠার সময় সে ঘরের চালে আঘাতপ্রাপ্ত হয়।
এ ঘটনায় কাশিমেশ্বরী মন্দিরের পক্ষে মামলার প্রস্তুতি চলছে বলে জানানো হয়েছে।
অভিযোগে জানানো হয়, এর আগে সেখানে নতুন মন্দির স্থাপন ও পুরনো মন্দিরের রাস্তা দখলের জন্য গত ২৬ আগস্ট শুক্রবার সকালে উপকরণ জড়ো করলে রাস্তা বে-দখলের আশঙ্কায় পাইকগাছা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ধীরেন্দ্র মন্ডলের ছেলে সাধন মন্ডল (৩৪), গৌতম মন্ডলের ছেলে সুজন মন্ডল(২৭), ভগবান মন্ডলের ছেলে তরুন মন্ডল, অনিল সরদারের ছেলে দীনবন্ধু মন্ডল ও বিকাশ মন্ডলকে আসামী করে স্থানীয় মৃত বাবুরাম বৈদ্যের ছেলে সনজিৎ বৈদ্য বাদী হয়ে গত ৩১ আগস্ট একটি মামলা করেন। যার নং-৩৫৬/২২, ধারা-১৪৪। আদালত শান্তি-শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে পাইকগাছা থানাকে নির্দেশ দেন। এরপর কপিলমুনি পুলিশ ফাঁড়ির এসআই শাহাজুল ইসলাম উভয়পক্ষকে শান্তি-শৃংখলা বজায় রাখতে বিবাদমান কার্যক্রম বন্ধ রাখতে নোটিশজারী করেন। এরপরও তারা আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে সর্বশেষ গত ২৪ অক্টোবর রাতে সেখানে ঐ দখল কার্যক্রম চালিয়ে অপ্রীতিকর ঘটনার জন্ম দেয়।
এলাকাবাসী জানায়, প্রায় ৫০ বছর ধরে স্থানীয় সনাতন ধর্মাবলম্বীরা কাশিমেশ্বরী মন্দিরে পূজা-অর্চনা করে আসছেন। এরপর মন্দিরের জমির মালিক শিবপদ সরকার গত ১/৩/৯৮ তারিখে ৯৪১ নং দলিল মূলে মন্দিরের নামে ০.০১ শতক ও মন্দিরে যাতায়াতের জন্য স্থানীয় সাধন সরদার গত ১২/১/২২ তারিখে ৯৯ নং দানপত্র দলিল মূলে আরোও ০.৬০ শতক জমি দান করেন।
সর্বশেষ ঘটনাটিকে ভিন্নখাতে প্রবাহিত করতে একটি মহলের ইন্ধনে সাধন-বিকাশ মন্ডল গং মিথ্যা মামলায় হয়রানিসহ নানা অপচেষ্টা চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ করা হয়েছে।