নিজস্ব প্রতিবেদক,পাইকগাছা::
ভুয়া প্রকল্প দেখিয়ে অর্থ আত্মসাতের ঘটনায় দায়ের করা মামলায় খুলনার পাইকগাছা উপজেলার গড়ইখালি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান গাজী মোস্তফা কামাল ওরফে বন্ধন, ইউপি সদস্য আসাদুল ইসলাম ও প্রকল্প কর্মকর্তা প্রকাশ চন্দ্র বিশ্বাসকে ৩ বছরের সশ্রম কারাদন্ড দিয়েছেন আদালত। একই সাথে তাদেরকে ২৬ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরোও ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়েছে।
খুলনা বিভাগীয় স্পেশাল জজ আদালতের বিচারক ড. ওয়াহিদুজ্জামান শিকদার বুধবার (২৬ অক্টোবর) এ রায় ঘোষনা করেন। এসময় আদালতে উপস্থিত আসামীদেও সকলকে কারাগারে প্রেরণ করা হয়। আদালতের দুর্নীতি দমন কমিশনের (দুদক) পিপি অ্যাড. মজিবর রহমান এসব তথ্য নিশ্চিত করেন।
জানা যায়, ২০১০ সালের ২৭ জুন উপজেলার গড়ুইখালি বগুড়ারচক সানাবাড়ি মসজিদ সংলগ্ন স্থানের উন্নয়নের নামে ভুয়া প্রকল্প দেখিয়ে আসামীরা ২৬ হাজার টাকা মূল্যের এক মেট্রিক গম উত্তোলন করে তা আত্মসাৎ করেন। স্থানীয় বাসিন্দা এবিএম এনামুল হক এ ঘটনায় জেলা জজ আদালতে একটি মামলা দায়ের করেন। মামলা নং ২৯/১৩। পরে দুদক সহকারি পরিচালক এনায়েত হোসেন মামলাটি তদন্ত করে আদালতে চার্জসিট প্রদান করেন।
আইনজীবী খন্দকার মজিবর রহমান বলেন, প্রকল্পের সভাপতি মোজাহার হোসেন মিস্ত্রি মামলা চলাকালে মারা যাওয়ায় তাকে মামলা থেকে অব্যাহতি দেয়া হয়েছে। অন্য আসামীদের বিরুদ্ধে দন্ডবিধি ১০৯/১২০/১৬৭/১৬৮ সহ ১৯৪৭ সালের দুর্নীতি দমন প্রতিরোধ আইনের ৫(২) ধারায় অভিযোগ প্রমানিত হওয়ায় ৩ বছরের কারাদন্ড ও ২৬ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে ৩ মাসের বিনাশ্রম করাদন্ড দেয়া হয়েছে।