- জামাল উদ্দীন সাতক্ষীরা থেকেঃ
সাতক্ষীরায় নির্বাচনের আগেই ১ ফেব্রুয়ারি ২০২৬ সাতক্ষীরার রাজনৈতিক অঙ্গনে বড় ধরনের পরিবর্তন ঘটেছে। নাগরিক ঐক্য সাতক্ষীরা জেলা শাখার সভাপতি ড. রবিউল ইসলাম খান ও সাধারণ সম্পাদকসহ মোট ২১৭ জন নেতাকর্মী আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি-তে যোগদান করেছেন।
এই যোগদান উপলক্ষে বিকাল ৪টায় সাতক্ষীরার নিরিবিলি কমিউনিটি সেন্টারে এক সমাবেশের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা বিএনপির আহ্বায়ক জনাব এইচ এম রহমাতুল্লাহ পলাশ। তিনি বলেন, এই বৃহৎ যোগদান সাতক্ষীরা জেলা বিএনপিকে আরও শক্তিশালী ও গতিশীল করবে। নির্বাচনের আগে এটি একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক বার্তা।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু। তিনি বলেন, এই যোগদান শুধু সংখ্যা নয়, এটি একটি বিশ্বাসের প্রতিফলন। মাঠপর্যায়ে সংগঠনের ভিত্তি আরও মজবুত হবে।

নাগরিক ঐক্য থেকে বিএনপিতে যোগদানকারী নেতৃবৃন্দের মধ্যে রয়েছেন উপজেলা, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের সক্রিয় কর্মীরা। নেতৃত্ব দিয়েছেন ড. রবিউল ইসলাম খান, যিনি সাতক্ষীরা ল কলেজের প্রিন্সিপাল হিসেবেও দায়িত্ব পালন করছেন। সমাবেশে উপস্থিত নেতাকর্মীদের ফুল দিয়ে বরণ করা হয়।
এই যোগদানকে কেন্দ্র করে সাতক্ষীরার রাজনৈতিক সমীকরণে নতুন মাত্রা যোগ হয়েছে। স্থানীয় পর্যায়ে বিএনপির সাংগঠনিক শক্তি বৃদ্ধি পাওয়ার পাশাপাশি নির্বাচনী প্রস্তুতিতে নতুন উদ্দীপনা সৃষ্টি হয়েছে বলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন।