সুন্দরবনের দস্যু জাহাঙ্গীর বাহিনীর হাতে জিম্মি ৮ জেলেকে উদ্ধারের পর পরিবারে হস্তান্তর, অস্ত্রসহ গুলি উদ্ধার
প্রকাশিত :
বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫
১৯৪
বার পঠিত
কয়রা প্রতিনিধি:
সুন্দরবনের বনদস্যু জাহাঙ্গীর বাহিনীর আস্তানা হতে অস্ত্র-গোলাবারুদ সহ জিম্মি থাকা ৮ জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড। বুধবার (১০ ডিসেম্বর) সকালে জিম্মি থাকা জেলেদেরকে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
ডাকাতদের আস্তানা থেকে উদ্ধারকৃত জেলেরা হলেন ৪নং কয়রার দেসার আলী সানার পুত্র আতিয়ার (২৮), একই গ্রামের আবু সাঈদ গাজির পুত্র আবুল খায়ের গাজি (২৪), মৃত মাদার আলীর পুত্র মকছেদ আলী (৫০), গনি হাওলাদারের পুত্র মিজানুর রহমান (৩৭), ৬নং কয়রা গ্রামের জাদব রপ্তানের পুত্র কৃষ্ণপদ রপ্তান (৪৫), অগর মন্ডলের পুত্র সুগদেব মন্ডল (২৭), মহারাজপুর গ্রামের মৃত মালেক ঢালীর পুত্র মোশারফ হোসেন ঢালী (৬০) ও একই গ্রামের মৃত সবেদ আলী গাজির পুত্র জলিল গাজি (৩৫)।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় সুন্দরবনের কুখ্যাত ডাকাত জাহাঙ্গীর বাহিনী শিবসা নদীর ছোট ডাগরা খাল এলাকায় কয়েকজন জেলেকে জিম্মি করে রেখেছে। খবর শুনার পেয়ে কোস্ট গার্ড স্টেশন কয়রা কর্তৃক ওই এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে জিম্মি থাকা জেলেদের উদ্ধার করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে একটি একনলা বন্দুক, চার রাউন্ড তাজা কার্তুজ এবং সাত রাউন্ড ফাঁকা কার্তুজসহ জিম্মি থাকা ৮ জন জেলেকে উদ্ধার করা হয়। তবে কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে বনদস্যুরা গহীন বনের ভেতর পালিয়ে যাওয়ায় তাদেরকে আটক করা সম্ভব হয়নি।
জাহাঙ্গীর বাহিনীর সদস্যরা ৭ দিন যাবত জেলেদেরকে জিম্মি করে মুক্তিপণ আদায়ের উদ্দেশ্যে নির্যাতন চালিয়ে আসছিল বলে জানিয়েছেন ভুক্তভোগী জেলেরা।