- সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি::
নীলফামারীর সৈয়দপুর প্লাজা সুপার মার্কেটের ব্যবসায়ীদের নিয়ে দাওয়াতী পক্ষ উপলক্ষে ব্যবসায়ী সমাবেশ করেছে ইন্ডাস্ট্রিয়ালিস্টস এন্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশন (আইবিডাব্লুএফ)। ‘টাকা মাত্র দশ হাজার, খুলবে ব্যবসার দ্বার’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে গত সোমবার (১৪ জুলাই) রাতে সংগঠনটির সৈয়দপুর শাখা সৈয়দপুর প্লাজা প্রাঙ্গণে এই সমাবেশের আয়োজন করে।
এতে প্রধান অতিথি ছিলেন নীলফামারী জেলা আইনজীবী সমিতির সভাপতি ও আইবিডাব্লুএফ এর জেলা উপদেষ্টা এডভোকেট আল-ফারুক আব্দুল লাতিফ। বিশেষ অতিথি ছিলেন সৈয়দপুর শাখার উপদেষ্টা মো. শরফুদ্দিন খান ও নীলফামারী জেলা সেক্রেটারি মুহা. সুলতান মাহমুদ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সৈয়দপুর শাখা সভাপতি হাজি মো. মোখলেছুর রহমান। ব্যবসায়ীদের সমাবেশ সঞ্চালনা করেন সেক্রেটারি তোফায়েল মোহাম্মদ আজম। এতে বক্তব্য রাখেন, হাজী সেলিম, বুলবুল হোসেন, শাহীদ শামীম প্রমুখ। ইসলামি সঙ্গীত পরিবেশন করেন হাফিজুল ইসলাম।
প্রধান অতিথি এ্যাড. আল-ফারুক আব্দুল লতিফ বলেন, একজন সৎ ব্যবসায়ীর হাশর হবে মহানবী হজরত মুহাম্মদ (সা.) এর সাথে। অন্য পেশার ক্ষেত্রে এমন কোন কথা নাই। আল্লাহর অধিকাংশ নবী-রাসূলের পেশা ছিল ব্যবসা। আমাদের নবীও (সা.) ব্যবসায়ী ছিলেন। তাহলে শুধু ব্যবসা করলেই হবেনা, তাদের সৎ হতে হবে।
আইবিডাব্লুএফ এমন একটা সংগঠন, যার সদস্য হলে আপনি সৎ ও সফল ব্যবসায়ী হিসেবে প্রতিষ্ঠিত হতে পারবেন জানিয়ে প্রধান অতিথি বলেন এই সংগঠন সদস্যদের দুনিয়া ও আখেরাতে সফলকাম হতে সার্বিকভাবে সহযোগিতা করে। তাই তিনি সৈয়দপুর তথা নীলফামারীর আর্থসামাজিক উন্নয়নে আইবিডাব্লুএফ এর পতাকা তলে সমবেত হতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান।