খুলনা ব্যুরো::
পূর্ব শত্রুতা ও আর্থিক লেনদেন সংক্রান্তের জের ধরে নৃশংসভাবে হত্যা করা হয় খুলনা মেট্রোপলিটন পুলিশের সোনাডাঙ্গা থানায় কর্মরত শুভেন্দ্র দাস (কং/৪৮১৭ ) এর মা অনিমা দাস(৬১) । এ ঘটনার ২৪ ঘন্টার মধ্যে অভিযুক্ত মোঃ মোস্তফা শেখ (৪৮) কে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত মোস্তফা বাগেরহাটের মোড়েলগঞ্জের সাংনকিডাঙ্গা গ্রামের মকবুল হোসেনের ছেলে। এ ঘটনায় শুক্রবার (০৮ সেপ্টেম্বর) দোষ স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছে। খুলনা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ হাসান আল-মামুন বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন।
নিহত অনিমা দাস বাগেরহাট জেলার ফকিরহাটের বেতাগা গ্রামের প্রয়াত বীর মুক্তিযোদ্ধা সুধাংশু দাসের স্ত্রী।
পুলিশ জানায়, অনিমা দাস(৬১) কে গত মঙ্গলবার (০৫ সেপ্টেম্বর) রাত্র ১১টা ১৯ মিনিট থেকে বুধবার (০৬ সেপ্টেম্বর) পৌনে ১০টার মধ্যে হত্যার শিকার হন। তিনি খুলনার সদর থানার পশ্চিম টুটপাড়া ফরিদ মোল্যার মোড়(খান মঞ্জিল), কামরুল ইসলাম খান এর বাড়ীর ২য় তলায় একমাত্র কন্যা লাভলী দাশের ছেলেকে নিয়ে থাকতেন। বাসায় কেউ থাকার সুযোগে মোস্তফা শেখ পূর্ব শত্রুতার জের ধরে তাকে এলোপাতাড়িভাবে মারপিট করে হত্যা করে পালিয়ে যায়। এ ঘটনায় ভিকটিমের মেয়ে লাভলী দাস (৩৯) বাদী হয়ে এজাহার দায়ের করলে খুলনা থানার মামলা (নং ০৭ তারিখ ০৭/০৯/২০২৩খ্রি. ধারা ৩০২/৩৪ পেনাল কোড) দায়ের করেন।
সদর পুলিশ পরিদর্শক(তদন্ত) ও মামলার তদন্তকারী কর্মকর্তা নিমাই চন্দ্র কুন্ডু মোস্তফা শেখকে গ্রেফতার করেন। পরে জিজ্ঞাসাবাদে মোস্তফা শেখ হত্যার বিবরণ প্রদান করে। আসামীর দেখানো ও সনাক্ত মতেহত্যাকান্ডে ব্যাবহৃত রক্তমাখা ইট জব্দ করা হয়। পরে আসামী আদালতে ঘটনার সাথে জড়িত থাকার বিষয়ে স্বীকারোক্তি দিয়ে ফৌঃ কাঃ বিঃ আইনের ১৬৪ ধারা মোতাবেক স্বেচ্ছায় জবানবন্দি প্রদান করেন।