নিজস্ব প্রতিনিধি:
আগামী ৯ নভেম্বর (বৃহস্পতিবার) খুলনা সফরে আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। খুলনার ঐতিহাসিক সার্কিট হাউজ মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় ঐ দিন প্রধান অতিথির ভাষণ দেওয়ার কথা রয়েছে তাঁর।
বৃহস্পতিবার (১২ অক্টোবর) মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা সাংবাদিকদের জানান , দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ৯ নভেম্বর খুলনার সার্কিট হাইজ মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওই দিন খুলনা-মোংলা রেল লাইনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। তবে জনসভার সময়সূচি বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিন ১৬ অক্টোবর খুলনায় আসার পর বৈঠক করে জানানো হবে।
খুলনা মহানগর আওয়ামী লীগের উপ প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মো. মফিদুল ইসলাম টুটুল বলেন, প্রধানমন্ত্রীর আগমনের খবরে উজ্জ্বীবিত হয়ে উঠেছেন নেতাকর্মীরা। বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা খুলনাসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অভূতপূর্ণ উন্নয়ন করেছেন। যে কারণে খুলনার এ জনসভা জনসমুদ্রে পরিণত হবে বলে আশা করছি।
প্রসঙ্গত, এর আগে ব্যক্তিগত সফরে চলতি বছরের ৬ জানুয়ারি খুলনা সফরে আসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঐ দিন দিঘলিয়ার নগরঘাট এলাকায় (তাঁর মা) বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের নামে কেনা পাট গোডাউন পরিদর্শন করেন প্রধানমন্ত্রী।
তার আগে, ২০১৮ সালের ৩ মার্চ জনসভায় যোগ দিতে খুলনায় আসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।