- মুন্সীগঞ্জ প্রতিনিধি::
মুন্সীগঞ্জ সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নে অভিযান চালিয়ে সদর থানা পুলিশের লুটকৃত একটি শটগান, এক রাউন্ড কার্তুজসহ এম সোহেল রানা (৪৬) নামে একজনকে গ্রেপ্তার করেছে বাংলাদেশ সেনাবাহিনী। গতকাল শনিবার (২৯ শে নভেম্বর) রাত ৭টার দিকে তল্লাশি অভিযানে চরডুমুরিয়ার আনন্দপুর এলাকা থেকে শটগানসহ কে এম সোহেল রানাকে আটক করা হয়। পরে মোল্লাকান্দির আশুরান এলাকায় রতন দেওয়ানের বাড়িতে অভিযান চালিয়ে একটি কার্তুজ উদ্ধার করা হয়। তবে রতন দেওয়ান পলাতক রয়েছেন।
পরে উদ্ধার হওয়া শটগানটি গত ‘জুলাই গণঅভ্যুত্থানে’র সময় মুন্সীগঞ্জ সদর থানা থেকে হারিয়ে যাওয়া অস্ত্র বলে শনাক্ত করা হয়। মুন্সীগঞ্জ সদর আর্মি ক্যাম্প কমান্ডার প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছেন।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১০ নভেম্বর মোল্লাকান্দি এলাকায় রাজনৈতিক সহিংসতায় গুলিতে একজন নিহত ও কয়েকজন আহত হওয়ার ঘটনার পর থেকে এলাকায় গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে সেনাবাহিনী। সেই ধারাবাহিকতায় এই অভিযান পরিচালিত হয়।
উদ্ধারকৃত অস্ত্র, কার্তুজ ও আটক সোহেল রানাকে পরবর্তী আইনি ব্যবস্থার জন্য মুন্সিগঞ্জ সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।