- নিজস্ব প্রতিবেদক ::
পাইকগাছার হরিঢালীর উত্তর সলুয়ার জনবহুল আবাসিক এলাকায় অপরিকল্পিতভাবে গড়ে ওঠা পোল্ট্রির ফার্ম’র সার্বক্ষণিক দূর্গন্ধে সেখানকার জনজীবন বিপর্যস্ত হয়ে উঠেছে।
আসন্ন বর্ষা মৌসুমকে ঘিরে স্বাস্থ্য ঝুঁকির আশংকা করছেন কেউ কেউ। এ নিয়ে পাইকগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ করায় উল্টো অভিযোগকারীদের বিরুদ্ধে হুমকি দিচ্ছেন খামার মালিকরা। এমনটা অভিযোগ করেছেন স্থানীয় সাংবাদিক রামপ্রসাদ কর্মকার।
অভিযোগে জানানো হয়, উপজেলার হরিঢালী ইউনিয়নের উত্তর সলুয়ার জনবহুল আবাসিক এলাকায় অপরিকল্পিতভাবে পোল্ট্রি ফার্ম গড়ে তুলেছেন স্থানীয় মৃত বিনোদ কর্মকারের ছেলে গৌর কর্মকার ও তার ছেলে সজল কর্মকার।

খামারের সার্বক্ষণিক উটকো দূর্গন্ধ, মশার উপদ্রব ও মুরগীর বিষ্ঠায় তাদের স্বাভাবিক জীবন যাত্রা ব্যাহতের পাশাপাশি চরম স্বাস্থ্য ঝুঁকি তৈরি হয়েছে। নিয়মিত খামারের পয় নিষ্কাশন না হওয়ায় এর বর্জ্য ড্রেণে মিশে বাড়ির শিশু ও বয়ষ্কদের বায়ুবাহী শ্বাসকষ্ঠসহ নানাবিধ রোগে আক্রান্ত হচ্ছেন।
এমন পরিস্থিতিতে সম্প্রতি স্থানীয় সাংবাদিক রামপ্রসাদ কর্মকার স্থানীয়দের সাথে নিয়ে পাইকগাছা উপজেলা নির্বাহী অফিসার বরাবর একটি লিখিত অভিযোগ দিলে তিনি বিষয়টি যাচাইপূর্বক ব্যবস্থা নিতে উপজেলা সেনেট্যারী ও নিরাপদ খাদ্য কর্মকর্তাকে নির্দেশ দেন।
এদিকে ফার্মের বিরুদ্ধে অভিযোগ ও গতকাল সেনেট্যারী কর্মকর্তা উদয় মন্ডল অভিযোগের সত্যতা যাচাইয়ে ঘটনাস্থলে উপস্থিত হওয়ার পর থেকে রামপ্রসাদকে দেখে নেওয়ার হুমকি দিচ্ছে খামার মালিক সজল ও তার পিতা। এমনকি তাকে মারপিট ও হয়রাণি করতে করতে নিজেদের ফার্ম নিজেরা ক্ষতিগ্রস্ত করে রামপ্রসাদের উপর দায় চাপানোর হুমকি দিচ্ছে।
এ ঘটনায় রাম প্রসাদ থানায় সাধারণ ডায়েরীর প্রস্তুতি নিচ্ছেন বলে জানান।