খুলনা প্রতিনিধি:
খুলনায় বাসের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। বুধবার দুপুর ২ টার দিকে নগরীর নিউ মার্কেটের বিপরীত রাস্তায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী আশিকুর রহমান মারা যান। নিহত আশিকুর রহমান আড়ংঘাট থানার বকুলতলা এলাকার বাসিন্দা জনৈক আব্দুল আলীর ছেলে । পুলিশ জানিয়েছেন তিনি বিএল কলেজ গেট এলাকার বই ব্যবসায়ী ছিলেন।
এলাকাবাসি সূত্রে জানা যায়, বিএল কলেজের বাস যাত্রী নামাতে নামাতে খুলনার দিকে আসছিল। ওই মুহুর্তে মোটরসাইকেল আরোহী আশিকুর রহমান দ্রুত খুলনার দিকে আসছিল। এসময় বাসটি তাকে পেছন থেকে ধাক্কা দিলে তিনি রাস্তার ওপর পড়ে গেলে সাসের একটি চাকা তার মাথার ওপর দিয়ে উঠে যায়। এ সময়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তাৎক্ষণিক বাসটি দ্রুত চালিয়ে ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায়।
খুলনা থানার অফিসার ইনচার্জ (তদন্ত) নিমাই চন্দ্র কুন্ডু বলেন, নিহত আশিকুর বিএল কলেজ গেট এলাকার বই ব্যবসায়ী ছিলেন। তিনি দুপুরে ব্যবসায়ীক কাজে খুলনার দিকে আসছিলেন। নিউ মার্কেটের বিপরীত রাস্তায় সুন্দরবন কুরিয়ার সার্ভিসের সামনে খুলনা গামী বিএল কলেজের একটি বাস তাকে ধাক্কাদিলে ঘটনাস্থলে আশিক মোটরসাইকেল নিয়ে পড়ে যায়। এরপর বাসটি তার মাথার ওপর দিয়ে উঠে গেলে ঘটনস্থলে তার মৃত্যু হয়েছে। তাৎক্ষণিক এলাকাবাসি তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করে।
তিনি আরও বলেন, পুলিশ ঘটনাস্থলের আশপাশের সকল সিসি ক্যামেরায় ধারণকৃত ফুটেজ সংগ্রহ করছে। দুর্ঘটনার মূল কারণ বুঝে ব্যবস্থা নেওয়া হবে। নিহত ওই ব্যক্তির ব্যবহৃত মোটরসাইকেলটি খুলনা থানা পুলিশ হেফাজতে রয়েছে বলেও জানান তিনি।