নিজস্ব প্রতিনিধি,দীপ্ত নিউজ:
সুন্দরবন থেকে একটি বাঘের অর্ধগলিত মৃতদেহ উদ্ধার করেছে বনবিভাগ। রোববার (১২ ফেব্রুয়ারি) বিকেলে পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের কলাগাছির মুরালীখাল এলাকা থেকে ওই বাঘের অর্ধগলিত মরদেহটি উদ্ধার করে লোকালয়ে নিয়ে আসেন বন বিভাগের সদস্যরা।
সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের বুড়িগোয়ালিনী স্টেশন অফিসার নূর আলম বলেন, ধারণা করা হচ্ছে একমাস আগে বাঘটির মৃত্যু হয়ে থাকতে পারে। বাঘের মৃতদেহটি উদ্ধারের ঘটনায় শ্যামনগর থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। পরবর্তী পদক্ষেপ গ্রহণ শেষে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা মোতাবেক বুড়িগোয়ালিনী স্টেশন অফিস সংলগ্ন এলাকায় মৃতদেহটি মাটি চাপা দেওয়া হবে বলেও জানান তিনি।