পাইকগাছা(খুলনা) প্রতিনিধি:
খুলনার পাইকগাছা উপজেলার গড়ইখালীতে স্থানীয় এক ইউপি সদস্যের বিরুদ্ধে চুরির অপবাদে বয়স্ক দু’ ভাই-বোনকে পিলারে বেঁধে মধ্য যুগীয় কায়দায় মারপিটের ঘটনা ঘটেছে। স্থানীয় ফাঁড়ি পুলিশের সহযোগীতায় তাদেরকে উদ্ধারের পর পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
অভিযোগে জানা যায়, পাইকগাছা উপজেলার গড়ইখালী ইউনিয়নের পূর্বকুমখালী গ্রামের রনজিৎ বর্মন অসুস্থ্যজণিত কারণে ভারতে চিকিৎসা নিতে যান। তার আগে তার বাড়ির দেখা-শুনাসহ ঘরের চাবি পরিতোষ বর্মনের নিকট রেখে যান। সম্প্রতি ঐ বাড়ির ধান চুরিকে কেন্দ্র করে গত ২০ ফেব্রুয়ারী দুপুরে স্থানীয় ইউপি সদস্য রমেশ বর্মনের উপস্থিতিতেজনৈক পরিতোষ বর্মন, রামপদ বর্মন, শ্যামপদ বর্মন, গোবিন্দ বর্মন মিলে মৃত শশধর বর্মনের ছেলে অজিত বর্মন (৫৫) ও তার আরেক বৃদ্ধা বোন হিরামতিকে পিলারের সাথে দড়ি দিয়ে বেঁধে মধ্য যুগীয় কায়দায় মারপিট করে। এসময় তারা সংজ্ঞা হারিয়ে ফেলেন। খবর পেয়ে স্থানীয় গড়ইখালী পুলিশ ফাঁড়ির ইনচার্জ ঘটনাস্থলে এসে ভাই-বোনকে উদ্ধার করেন।
এরপর তাদেরকে পাইকগাছা হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তারা সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
এ ব্যাপারে অভিযুক্ত ইউপি সদস্য রমেশ বর্মনের প্রতিক্রিয়া জানতে তার ব্যবহৃত মোবাইলে ফোন দিয়েও না পাওয়ায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
এব্যাপারে পাইকগাছা থানা অফিসার ইনচার্জ (ওসি) জিয়াউর রহমান বলেন, ঘটনার খবর শুনেছেন, অভিযোগ পেলে তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।