নিজস্ব প্রতিবেদক ::
যশোরে লেদ ব্যবসার অন্তরালে অস্ত্র তৈরির অভিযোগে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ অভিযান চালিয়ে শাহাদত হোসেন (৪০) নামে এক লেদ মিস্ত্রিকে আটক করেছে। এসময় একটি দেশি পিস্তল, চার রাউন্ড গুলি ও বিপুল পরিমাণ অস্ত্র তৈরির সরঞ্জামাদি উদ্ধার করা করেছেন তারা।
আজ মঙ্গলবার (২৮ মার্চ) দিবাগত রাত ১২টার দিকে শহরের শংকরপুর চোপদারপাড়া শাহাদতের বসত ঘরের পাশের রুমে অস্ত্র তৈরির এ কারখানার সন্ধান পায় পুলিশ। আটক শাহাদত শংকরপুর চোপদারপাড়ার শাহাজাহানের ছেলে।
ডিবি পুলিশের এসআই শাহিনুর রহমান ও এসআই নুর এর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয় বলে জানানো হয়েছে।
এস আই শাহিনুর বলেন, পুলিশের কাছে গোপন খবর ছিল চোপদারপাড়ায় একটি বসত ঘরের সাথে লেদ বসিয়ে সেখানে অস্ত্র তৈরি করা হচ্ছে। এর ভিত্তিতে রাতে অভিযান চালিয়ে সেখান থেকে একটি দেশি তৈরি পিস্তল, চার রাউন্ড গুলি ও বিপুল পরিমাণ অস্ত্র তৈরির সরঞ্জামাদি উদ্ধার করা হয়়।
তিনি জানান, শাহাদতকে আটক করে ডিবি কাার্যালয়ে নিয়ে যাওয়া হয়। এর আগে গত বছর ১৩ অক্টোবরে যশোরের বারান্দী কদমতলার রাঙ্গামাটি গ্যারেজ মোড়ের নিউ বিসমিল্লাহ ইঞ্জিনিয়ারিং নামে একটি লেদে অভিযান চালিয়ে ডিবি ও কোতোয়ালি থানা পুলিশ কারখানা মালিক আজিজুল ইসলামসহ তিনজনকে আটক করা হয়েছিলো।
ঐ অভিযানে পাঁচটি অস্ত্র উদ্ধার করা হয়। যার মধ্যে মধ্যে দুইটি রেডি (প্রস্তুত) ও বাকি তিনটি অসম্পন্ন ছিলো।