- স্পোর্টস ডেস্ক ::
কাতার ২০২২ বিশ্বকাপের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা আবারও বিশ্বকাপ জয়ের একেবারে দ্বারপ্রান্তে। তবে শিরোপা ধরে রাখতে আলবিসেলেস্তেদের ভাঙতে হবে দীর্ঘদিনের দুটি পরিসংখ্যান বা ‘অভিশাপ’, যা বিশ্বকাপের ইতিহাসে বারবার শিরোপাধারীদের পথ রুদ্ধ করেছে।
সেমিফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে আর্জেন্টিনা আবারও ফিফা বিশ্ব র্যাঙ্কিংয়ের শীর্ষস্থান দখল করেছে। স্পেন নেমে গেছে দ্বিতীয় স্থানে, আর ফ্রান্স চলে গেছে আরও নিচে। কাগজে-কলমে এটি ইতিবাচক খবর হলেও ইতিহাস বলছে ভিন্ন কথা। ১৯৯৩ সালে ফিফা বিশ্ব র্যাঙ্কিং চালু হওয়ার পর থেকে কোনো দলই বিশ্বকাপ শুরু করার সময় এক নম্বরে থেকে শেষ পর্যন্ত শিরোপা জিততে পারেনি।
এই ধারার শুরু ১৯৯৪ সালের যুক্তরাষ্ট্র বিশ্বকাপ থেকে। তখন শীর্ষ র্যাঙ্কিংয়ে ছিল জার্মানি, কিন্তু শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন হয়েছিল ব্রাজিল। এরপর থেকে ফিফা র্যাঙ্কিংয়ের এক নম্বর দল কখনোই বিশ্বকাপ জয়ের স্বাদ পায়নি।
আর্জেন্টিনার সামনে আরও একটি কঠিন চ্যালেঞ্জ রয়েছে। তারা যদি স্পেনকে হারিয়ে শিরোপা জিতে, তবে ৬৪ বছর পর প্রথম দল হিসেবে টানা দুটি বিশ্বকাপ জয়ের কীর্তি গড়বে। সবশেষ এই সাফল্য দেখেছিল ব্রাজিল। পেলের নেতৃত্বে দলটি ১৯৫৮ সালে সুইডেন এবং ১৯৬২ সালে চিলি বিশ্বকাপ জিতে টানা দুইবার বিশ্বচ্যাম্পিয়ন হয়েছিল। এর আগে ইতালি ১৯৩৪ ও ১৯৩৮ সালে একই কীর্তি গড়েছিল।
এরপর থেকে কোনো বিশ্বচ্যাম্পিয়নই নিজেদের শিরোপা ধরে রাখতে পারেনি। এ কারণেই সময়ের সঙ্গে সঙ্গে এটি ‘ডিফেন্ডিং চ্যাম্পিয়নের অভিশাপ’ নামে পরিচিতি পেয়েছে।
ফাইনালে স্পেনকে হারাতে পারলে আর্জেন্টিনা শুধু আরেকটি বিশ্বকাপ শিরোপাই জিতবে না, একই সঙ্গে ভেঙে দেবে আধুনিক বিশ্বকাপের ইতিহাসে বহুল আলোচিত দুটি নেতিবাচক রেকর্ড। এছাড়া চতুর্থ বিশ্বকাপ জিতে আর্জেন্টিনা শিরোপার সংখ্যায় জার্মানি ও ইতালির সমকক্ষ হবে এবং বিশ্বকাপ ইতিহাসে নিজেদের অবস্থান আরও শক্তিশালী করবে।