- কয়রা (খুলনা) প্রতিনিধি ::
কয়রা উপজেলার ২নং বাগালি ইউনিয়ন পরিষদের ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ আজিজুল ইসলামের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অপপ্রচার ও মানহানিকর তথ্য ছড়ানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ( ২ এপ্রিল) সকাল ১০ টায় কয়রা উপজেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যের মাধ্যমে উক্ত মিথ্যা অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তিনি।
সংবাদ সম্মেলনে ইউপি সদস্য মোঃ আজিজুল ইসলাম জানান, সম্প্রতি একটি কুচক্রী মহল সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘সরকারি ইট বিক্রি’ সংক্রান্ত একটি ভিত্তিহীন ও বানোয়াট তথ্য প্রচার করে আমার দীর্ঘদিনের অর্জিত সামাজিক মর্যাদা ও জনপ্রতিনিধি হিসেবে জনপ্রিয়তায় আঘাত হেনেছে।
তিনি দাবি করেন, আমাকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করতেই পরিকল্পিতভাবে এই মিথ্যা অপপ্রচার চালানো হয়েছে।
সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, ‘তথ্য সেল কয়রা সাংবাদিক ফোরাম’ নামক একটি ফেসবুক গ্রুপ ব্যবহার করে একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন ধরে সাধারণ মানুষকে ফাঁদে ফেলে অবৈধ অর্থ আদায় ও বিভিন্নভাবে হয়রানী করে আসছে। এই চক্রটির অত্যাচারে এলাকার সাধারণ মানুষ বর্তমানে অতিষ্ঠ।
ইউপি সদস্য সরাসরি অভিযোগ করেন, এই অপপ্রচার ও চক্রের মূল নেতৃত্বে রয়েছেন তারিক লিটু নামে এক ব্যক্তি। সে নিজেকে সাংবাদিক ফোরাম কয়রার একটি ভুঁইফোড় সংগঠনের সভাপতি বলে পরিচয় দিয়ে থাকেন।
আজিজুল ইসলামের ভাষ্যমতে, তারিক লিটু একজন চিহ্নিত প্রতারক, যার বিরুদ্ধে ইতিপূর্বে বিভিন্ন সময়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) ও একাধিক লিখিত অভিযোগ রয়েছে। মূলত ব্যক্তিগত স্বার্থ হাসিল ও মানুষকে ভয়ভীতি প্রদর্শন করে অর্থ আদায় করতে না পেরে ঐ চক্রটি জনপ্রতিনিধিদের টার্গেট করে অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ করা হয়েছে।
সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি প্রশাসনের প্রতি দৃষ্টি আকর্ষণ করে এ সকল “মিথ্যা তথ্য ছড়িয়ে যারা হয়রানী করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের দাবি জানান।
এ ছাড়া সাংবাদিকতার নাম ভাঙিয়ে অর্থ আদায়কারিদের বিরুদ্ধে দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের আহবান জানানো হয়।
সংবাদ সম্মেলনে এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ সহ বিভিন্ন শ্রেনী পেশার লোকজন উপস্থিত ছিলেন।
উপস্থিত ব্যাক্তিরা এই ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের দ্রুত গ্রেপ্তার নিশ্চিত করতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।