- নিজস্ব প্রতিবেদক, (পাইকগাছা) খুলনা ::
খুলনার পাইকগাছা পৌর এলাকার একটি সংযোগ সড়কের নির্মাণকাজ শেষ হওয়ার আগেই এর বিভিন্ন স্থানে ফাঁটল দেখা দিয়েছে। সড়কের পাশের গাইডওয়ালের অভ্যন্তরে প্রয়োজনীয় মাটি ভরাট না করেই কাজ এগিয়ে নেওয়ায় এমন অবস্থার জন্য দায়ী বলে অভিযোগ স্থানীয়দের।
অন্যদিকে ফাঁটলের মূল ত্রুটি নিরসন না করে ফাঁটল ঢাকতে এর উপরিভাগে সামান্য সংস্কার করেছে ঠিকাদারী প্রতিষ্ঠান। অথচ এত কিছুর পরও সংশ্লিষ্ট কতৃপক্ষের টনক না নড়ায় নির্মান কাজের সুষ্ঠু তদারকি নিয়ে চরমভাবে প্রশ্নবিদ্ধ করেছে।
পৌরসভার পুরনো খাদ্য গুদাম এলাকা থেকে শুর হয়ে আকবর মাস্টারের বাড়ির সামনে দিয়ে মসজিদ হয়ে শহীদ গফুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পেছন দিয়ে মূল সড়কে গিয়ে মিশেছে নির্মাণাধীন সড়কটি। যদিও সড়কের পুরনো খাদ্য গুদামের সামনে থেকে আকবর মাস্টারের বাড়ি পর্যন্ত অংশের নির্মাণকাজ এখনো শেষ হয়নি। অথচ অপর অংশের বিভিন্ন স্থানের ফাঁটল তৈরি হওয়ায় এর মান ও তদারকি নিয়ে প্রশ্ন উঠেছে।
অভিযোগের প্রেক্ষিতে সরেজমিন দেখা গেছে, সড়কের পাশের গাইডওয়ালের ভেতরে পর্যাপ্ত মাটি ভরাট না করেই এর নির্মাণকাজ এগিয়ে নেওযা হয়েছে। ধারণা করা হচ্ছে, গাইডওয়ালের আশপাশে প্রয়োজনীয় মাটি না থাকায় সড়কের ঢালাই অংশে চাপ সৃষ্টি হয়ে ফাঁটলগুলি তৈরি হতে পারে।
এদিকে ফাঁটল ঢাকতে ঠিকাদারী প্রতিষ্ঠানের পক্ষে সেখানে রিপিয়ারিং করলেও স্থানীয়দের অভিযোগ, ফাঁটলের মূল কারণ চিহ্নিত ও তার কোন প্রকার সমাধান না করে ফাঁটলের ওপর সামান্য প্রলেপ দিয়ে তা ঢেকে দেওয়া হয়েছে। এতে সড়কের অসংগতি সাময়িকভাবে আড়াল হলেও এর কাঠামোগত দূর্বলতা ও ভবিষ্যত নিয়ে স্থানীয়দের নানা সংশয় জন্ম দিয়েছে।
এদিকে ফাঁটল ঢেকে নির্মাণকাজের একাংশের বিল উত্তোলনের চেষ্টা করছেন ঠিকাদার এমনটি অভিযোগ স্থানীয়দের। তাদের দাবি, অসংগতির স্থায়ী সমাধানের পাশাপাশি নির্মাণকাজ পুরোপুরি শেষ করেই বিল দেওয়া হোক।
নির্মাণকাজের দায়িত্বে থাকা ওডি এন্টারপ্রাইজের প্রতিনিধি আমিনুর ইসলাম জানান, আগামী এক সপ্তাহের মধ্যে গাইডওয়ালের অভ্যন্তরে মাটি ভরাট করা হবে। সড়কের ফাঁটলও ঠিক করে দেওয়া হবে।
পাইকগাছা পৌরসভার প্রকৌশলী মো. নূর আহম্মদ জানান, কাজ পরিদর্শনের পর কোন প্রকার ত্রুটি ধরা পড়লে বিল বিল দেওয়া হবে না।