- নিজস্ব প্রতিবেদক ::
খুলনার পাইকগাছায় থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক, নাশকতাসহ বিভিন্ন মামলায় ৮ জনকে আটক করা হয়েছে। সোমবার (৯ নভেম্বর) রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। মঙ্গলবার (১০ নভেম্বর) আটক ব্যক্তিদের বিজ্ঞ আদালতে সোপর্দ করেছে পুলিশ। আটককৃতদের মধ্যে মাদকসহ আটক একজনকে সামারী ট্রায়ালে ১৫ দিনের কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা করা হয়েছে।
থানা পুলিশ জানায়, সোমবার রাতে পুলিশের বিশেষ অভিযানে উপজেলার কপিলমুনি এলাকার মৃত নুর আলী গাজীর ছেলে মো. মনিরুল ইসলাম এবং চাঁদখালীর গজালিয়া গ্রামের নুরুল ইসলাম মোড়লের ছেলে মো. সিফাতউল্লাহ সাহেবকে ২০২৪ সালের ১১ নম্বর নাশকতা মামলার সন্দিগ্ধ আসামি হিসেবে আটক করা হয়।

এদিকে, উপজেলার নাসিরপুর গ্রামের মো. সহিল উদ্দিন গাজীর ছেলে মো. ইবাদুল গাজীকে মাদকসহ আটক করে পুলিশ। পরে সামারী ট্রায়ালের মাধ্যমে তাকে ১৫ দিনের কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা করা হয়।
অপরদিকে, পুলিশ আইনের ৩৪ ধারায় আরও তিনজনকে আটক করা হয়। তারা হলেন—পাইকগাছার হেতালবুনিয়া এলাকার মো. লুকমান হোসেনের ছেলে মো. মেহেদী হাসান (৩২), আশাশুনির খাশবাগান এলাকার মো. আফছার মোড়লের ছেলে মো. সাদ্দাম হোসেন (৩০) এবং কালিদাসপুর এলাকার মৃত রফিকুল ইসলামের ছেলে মো. জাহাঙ্গীর আলম (২৯)।
এছাড়া ২৯০ ধারার অভিযোগে পাইকগাছার গোপালপুর এলাকার গাজী শহিদুল ইসলামের ছেলে মো. আবু হাসান (৩২) এবং চেঁচুয়া এলাকার মোছলেম উদ্দিনের মেয়ে সুমনা সুলতানা রোজি ওরফে রোজ (২৫) কে আটক করা হয়েছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে মঙ্গলবার বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়েছে।
পাইকগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ আব্দুল আউয়াল কবির আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, জেলা পুলিশ সুপারের নির্দেশক্রমে থানা পুলিশের অভিযান ও তৎপরতা অব্যাহত রয়েছে।