- স্পোর্টস ডেস্ক::
বিশ্বকাপের প্রতিটি ম্যাচই আলাদা গুরুত্ব বহন করে। তবে ১৪ ফুটবলারের জন্য এবারের আসর শিরোপার লড়াই নয়, বরং নিজেদের তুলে ধরার মঞ্চ। টুর্নামেন্টে এখনও টিকে থাকা এই তারকারা আগামী মৌসুমের জন্য কোনো ক্লাবের সঙ্গে চুক্তিবদ্ধ নন। তাই বিশ্বকাপে তাদের পারফরম্যান্সই অনেকটা নির্ধারণ করে দিতে পারে ভবিষ্যতের ঠিকানা।
চুক্তিহীন এই তালিকায় আছেন ব্রাজিলের কাসেমিরো ও ফাবিনিও, মিশরের মোহাম্মদ সালাহ, ক্রোয়েশিয়ার লুকা মদরিচ, কলম্বিয়ার হামেস রদ্রিগেস এবং ইংল্যান্ডের জন স্টোনসের মতো তারকারা। সম্প্রতি তারা নিজ নিজ ক্লাব ছেড়েছেন, তবে এখনো নতুন কোনো দলে নাম লেখাননি।
সবচেয়ে আলোচিত নাম কাসেমিরো। পাঁচ মৌসুম পর ম্যানচেস্টার ইউনাইটেড ছাড়ার পর তাকে ইন্টার মায়ামিতে যাওয়ার গুঞ্জন শোনা গেলেও এখনো কোনো চুক্তি হয়নি। বিশ্বকাপে জাপানের বিপক্ষে শেষ ষোলোর ম্যাচে গোল করে ব্রাজিলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন এই মিডফিল্ডার।
মিশরের অধিনায়ক মোহাম্মদ সালাহও লিভারপুল ছাড়ার পর এখন ক্লাব ফুটবলে ঠিকানাবিহীন খেলোয়াড়। বিশ্বকাপ শেষে তার সৌদি আরবের কোনো ক্লাবে যোগ দেওয়ার গুঞ্জন থাকলেও চূড়ান্ত আলাপ এখনো হয়নি। আপাতত মিশরের বিশ্বকাপ অভিযানে পুরো মনোযোগ এই তারকার।
৪০ বছর বয়সী লুকা মদরিচও ক্যারিয়ারের গুরুত্বপূর্ণ মোড়ে দাঁড়িয়ে। এসি মিলান ছাড়ার পর তিনি নতুন ক্লাবে যোগ দেবেন, নাকি বিশ্বকাপ শেষে বুটজোড়া তুলে রাখবেন, সেই সিদ্ধান্ত এখনো নেননি।
একইভাবে অনিশ্চয়তায় রয়েছেন হামেস রদ্রিগেস ও জন স্টোনস। মিনেসোটা ইউনাইটেডের সঙ্গে চুক্তি শেষ হয়েছে হামেসের। ১০ বছরের সম্পর্কের ইতি টেনেছেন ম্যানচেস্টার সিটির ডিফেন্ডার স্টোনস। তাদের দুজনেরই নতুন ঠিকানা নিয়ে চলছে জোর আলোচনা, তবে তা আনুষ্ঠানিকতা পায়নি।
এ ছাড়া চুক্তিহীন খেলোয়াড়দের তালিকায় রয়েছেন ডেভিড আলাবা, থমাস পার্টে, থমাস মুনিয়ে, নাবিল বেনতালেব, জাভের শ্লাগার, গিডিওন মেনসাহ, আবদুল মুমিন এবং গোলরক্ষক অরইয়ান নিয়ল্যান্ড। ফলে শিরোপার স্বপ্নের পাশাপাশি বিশ্বকাপের পারফরম্যান্স তাদের ভবিষ্যৎ ঠিকানা খুঁজে দিতে পারে।
বিশ্বকাপে খেলা চুক্তিহীন ১৪ ফুটবলার
• কাসেমিরো (ব্রাজিল) — সাবেক ম্যানচেস্টার ইউনাইটেড • ফাবিনিও (ব্রাজিল) — সাবেক আল-ইত্তিহাদ • মোহাম্মদ সালাহ (মিশর) — সাবেক লিভারপুল • লুকা মদরিচ (ক্রোয়েশিয়া) — সাবেক এসি মিলান • হামেস রদ্রিগেস (কলম্বিয়া) — সাবেক মিনেসোটা ইউনাইটেড • জন স্টোনস (ইংল্যান্ড) — সাবেক ম্যানচেস্টার সিটি • ডেভিড আলাবা (অস্ট্রিয়া) — সাবেক রিয়াল মাদ্রিদ • থমাস মুনিয়ে (বেলজিয়াম) — সাবেক লিল • থমাস পার্টে (ঘানা) — সাবেক ভিয়ারিয়াল • নাবিল বেনতালেব (আলজেরিয়া) — সাবেক লিল • জাভের শ্লাগার (অস্ট্রিয়া) — সাবেক আরবি লাইপজিগ • গিডিওন মেনসাহ (ঘানা) — সাবেক অক্সের • আবদুল মুমিন (ঘানা) — সাবেক রায়ো ভায়েকানো • অরইয়ান নিয়ল্যান্ড (নরওয়ে) — সাবেক সেভিয়া