- উত্তম চক্রবর্তী, যশোর জেলা প্রতিনিধি।।
যশোরের মুজগুন্নী-ইমাননগর গ্রামে কবি, নাট্যকার ও কথাশিল্পী মুনছুর আযাদের ৬ষ্ঠ প্রকাশিত গ্রন্থ ‘জীবন সন্ধ্যা’-এর মোড়ক উন্মোচন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৩ মার্চ) বিকালে ‘জীবন সন্ধ্যা’ গ্রন্থের মোড়ক উন্মোচন পরিষদের আয়োজনে দক্ষিণ মুজগুন্নী সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে এ অনুষ্ঠানের প্রথম পর্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ওই গ্রন্থ পরিষদের আহ্বায়ক হাফেজ মাওলানা মো. ফখরুল ইসলাম।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- যশোর-৫ (মনিরামপুর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট গাজী এনামুল হক। অনুষ্ঠানের উদ্বোধন করেন যশোর-৬ (কেশবপুর) আসনের সংসদ সদস্য অধ্যাপক মোঃ মোক্তার আলী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেশবপুরের সিনিয়র সাংবাদিক, দৈনিক গ্রামের কাগজের সিনিয়র স্টাফ রিপোর্টার মোতাহার হোসাইন, মনিরামপুর উপজেলা বিএনপির সদস্য ও আগামী দিনের শ্যামকুড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব মোঃ রফিকুল ইসলাম, সমাজসেবক ডা. মো. মনিরুজ্জামান প্রমুখ।
বক্তারা তাদের বক্তব্যে লেখক মুনছুর আযাদের সাহিত্যকর্মের ভূয়সী প্রশংসা করেন এবং ‘জীবন সন্ধ্যা’ গ্রন্থটি পাঠকমহলে সমাদৃত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে সন্ধ্যায় ইসলামী সাংস্কৃতিক পরিবেশনা হিসেবে কবি মুনছুর আযাদের ৬ষ্ঠ গ্রন্থ রচিত ‘ওপারের ডাক’ নাটক মঞ্চস্থ করা হয়, যা দর্শকদের মাঝে ব্যাপক সাড়া ফেলে।
স্থানীয় সাহিত্যপ্রেমী ও এলাকাবাসীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো আয়োজনটি ছিল প্রাণবন্ত ও উৎসবমুখর।