- নিজস্ব প্রতিবেদক, পাইকগাছা::
খুলনার পাইকগাছায় নিজেদের অপকর্ম ঢাকতে এবার সরকারী মাটি কর্তন ও অবৈধ চুল্লীর ব্যবসা বৈধ করতে প্রতিবাদকারীর উপর হামলার অভিযোগ উঠেছে। ঘটনায় ভূক্তভোগী সংশ্লিষ্ট প্রশাসনের জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন।
ভুক্তভোগী উপজেলার চাঁদখালী ইউনিয়নের মৃত আছিরউদ্দীন গাজীর ছেলে শফিকুল ইসলাম গাজী বলেন, চাঁদখালীর এক শ্রেণির অসাধু ব্যবসায়ী নদীর চরভরাটি মাটি কেটে ইট ভাটা পরিচালনা করে আসছে। আরেকটি চক্র চলাচলের প্রধান সড়কের পাশে শত শত কাঠ পুড়িয়ে কয়লা তৈরির চুল্লী স্থাপন করেছে।
যার কাচামাল হিসেবে সুন্দরবন থেকে কাঠ এনে পুড়িয়ে কয়লা তৈরী করে ব্যবসা পরিচালনা করে আসছে। এ সংক্রান্ত বিষয়ে তিনি সরকারের বিভিন্ন দপ্তরে অভিযোগ দায়ের করেন।
এ ঘটনায় উক্ত ব্যবসায়ী চক্র তার উপর ক্ষিপ্ত হয়ে সুযোগ খুঁজতে থাকে। যার ধারাবাহিকতায় গত ৪ জানুয়ারী রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে রাজ্জাকের চায়ের দোকানের সামনে রাস্তায় উপর মৃত ইন্তাজ গাজীর ছেলে হবিবর গাজীর নের্তৃত্বে তার ছেলে সাইফুল, কাইয়ুম এবং মনিরুল, খলিল ও উসমান গনিসহ অন্যান্য ব্যবসায়ীরা সমবেত হয়ে তাকে বেদম মারপিট করে রক্তাক্ত জখম করে।
এসময় তাদের কবল থেকে কোন রকম ছাড়া পেয়ে তিনি পাইকগাছা হাসপাতালে ভর্তি হন। পরে তার অবস্থার অবনতি হলে ডাক্তারের পরামর্শে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন।
তিনি অভিযোগ করে বলেন, তার চিকিৎসাকালীন সময়ে উক্ত ব্যবসায়ী চক্র মামলা না করতে বা তাদের অপকর্ম ঢাকতে উল্টো তার বিরুদ্ধে কথিত মানববন্ধন করেছে।
সরকারী সম্পত্তি রক্ষাসহ তার উপর হামলার সুষ্ঠু বিচারের প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন তিনি।