- বিশেষ প্রতিনিধি ::
সাভারের আলোচিত ও কুখ্যাত ‘সিরিয়াল কিলার’ মশিউর রহমান খান সম্রাট মারা গেছেন, যিনি ‘সাইকো সম্রাট’ নামেও পরিচিত।
সোমবার (২৩ মার্চ) সকালে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে হঠাৎ বুকে ব্যথা অনুভব করলে কারা কর্তৃপক্ষ দ্রুত তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় হার্ট স্ট্রোকের কারণে সকাল সাড়ে সাতটার দিকে তার মৃত্যু হয়।
সাভার মডেল থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) মো. হেলাল উদ্দিন দুপুরে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।
চলতি বছরের ১৮ জানুয়ারি সাভার থানা রোডের পৌর কমিউনিটি সেন্টারের একটি পরিত্যক্ত ভবনের দ্বিতীয় তলা থেকে দুটি মরদেহ উদ্ধারের পর তার নৃশংস অপরাধ নতুন করে সামনে আসে। এর আগে একই স্থান থেকে আরও তিনটি মরদেহ এবং সাভার মডেল মসজিদের সামনে এক নারীর মরদেহ উদ্ধার করা হয়। সিসিটিভি ফুটেজে দেখা যায়, সম্রাট নিজেই মরদেহ কাঁধে করে নিচতলা থেকে দ্বিতীয় তলায় নিয়ে যাচ্ছেন।
এর আগে একটি ভিডিওতে তাকে এক নারীর সঙ্গে ওই ভবনে দেখা যায়। পরে জানা যায়, তিনি ওই নারীকে হত্যা করে মরদেহ পুড়িয়ে ফেলেন। তদন্তে তার সম্পৃক্ততার প্রমাণ পেয়ে পুলিশ তাকে গ্রেফতার করে। জিজ্ঞাসাবাদে তিনি ধারাবাহিকভাবে ছয়টি হত্যার কথা স্বীকার করেন এবং ১৯ জানুয়ারি আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। পরে তাকে কারাগারে পাঠানো হয়।
জানা গেছে, তার আসল নাম সবুজ শেখ। তার বাড়ি মুন্সীগঞ্জ জেলার লৌহজং থানার হলুদিয়া ইউনিয়নের মোছামান্দা গ্রামে। তার বাবার নাম পান্না শেখ। পুলিশের প্রাথমিক তদন্ত অনুযায়ী, ২০১৪ সালে সাভারের তেঁতুলঝরা ইউনিয়নে প্রথম হত্যাকাণ্ডের মাধ্যমে তার অপরাধজগতে প্রবেশ। ওই মামলায় গ্রেফতার হলেও পরে জামিনে বের হন। ২০১৯ সালে তিন মাসে দুইবার মাদক মামলায় গ্রেফতার হয়ে আবার জামিনে মুক্তি পান। এরপর ভবঘুরে জীবনযাপন করতে করতে সাভার পৌর এলাকায় অবস্থান করে ধারাবাহিক হত্যাকাণ্ড ঘটাতে থাকেন। তার বিরুদ্ধে সাতটি হত্যা ও দুটি মাদক মামলা বিচারাধীন ছিল।
এ ব্যাপারে সাভার মডেল থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) মো. হেলাল উদ্দিন বলেন, কারাগারে অসুস্থ হয়ে পড়লে সাইকো সম্রাট ওরফে সবুজ শেখকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়, সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত্যুর পর আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করে মরদেহ যাচাই-বাছাই সম্পন্ন করা হয়েছে এবং প্রয়োজনীয় কাগজপত্র শেষে তার পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তত্ত্বাবধানে সম্পন্ন হয়েছে ।