ঈদুল ফিতর উপলক্ষে বৃহৎ শিল্প পরিবার ইকু গ্রুপের পক্ষ থেকে সৈয়দপুরে শহরে উর্দূভাষীদের ২২ টি ক্যাম্পে বসবাসকারী দুই হাজার অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ঈদ উপহার হিসেবে শাড়ি ও লুঙ্গি বিতরণ করা হয়েছে। শুক্রবার (১৯ মার্চ) বিকেলে শহরের ইকু হেরিটেজ হোটেল এন্ড রির্সোটের হলরুমে শাড়ি ও লুঙ্গি বিতরণ করা হয়।
নীলফামারী -৪ আসনের সাবেক সংসদ সদস্য ও শিল্প পরিবার ইকু গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব মো. সিদ্দিকুল আলম সিদ্দিক উর্দূভাষী অসহায় ও দুস্থ পরিবারের সদস্যদের হাতে ওইসব শাড়ি ও লুঙ্গি তুলে দেন।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইকু গ্রুপের প্রধান নির্বাহী মো. ইরফান আলম ইকু, উর্দূভাষী নেতা মুলায়েম খান মুলাম।
ইকু গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব মো. সিদ্দিকুল আলম সিদ্দিক বলেন, ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশী।
পবিত্র ঈদ সমাজের ধনী গরীব সকলের জীবনে এক অনাবিল আনন্দ ও খুশীর বার্তা নিয়ে আসে। তাই অসহায় ও দুস্থ মানুষের সঙ্গে ঈদের আনন্দ ও খুশী ভাগাভাগি করতে আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা।
তিনি বলেন, আমাদের পারিবারিক ঐতিহ্য ধরে রাখতে আমরা ইকু শিল্প পরিবারের পক্ষ থেকে প্রতি ঈদুল ফিতরের ঠিক আগ মুর্হুতে এলাকার অসহায় ও দুস্থ মানুষকে নিয়ে ঈদের আনন্দে সামিল হই। ভবিষ্যতেও এটি চালু থাকবে বলে জানান তিনি। আগামীতে যাতে এলাকার অসহায় দুস্থ পরিবারের পাশে আরো বড় পরিসরে সহায়তার হাত নিয়ে দাঁড়াতে পারেন সে জন্য সকলের দোয়া কামনা করেন তিনি।
উল্লেখ্য, এরআগে প্রতি বছরের মতো গত ১৭ মার্চ উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নের বিভিন্ন এলাকার চার হাজার অসহায় ও দুস্থ পরিবারের মাঝে শাড়ি লুঙ্গি বিতরণ করা হয়।