- সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি ::
সৈয়দপুর পৌর এলাকাকে পরিচ্ছন্ন নগরী গড়ে তোলাসহ জলাবদ্ধতা নিরসনে পরিস্কার পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত রয়েছে। এছাড়া মশার উপদ্রব থেকে শহরবাসীকে রক্ষা করতে মশক নিধন কার্যক্রমও জোরদার করা হয়েছে।
সৈয়দপুর পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারাহ ফাতেহা তাকমিলার সার্রক্ষণিক তদারকিতে এসব কার্যক্রম বাস্তবায়ন করছেন পৌরসভার পৌরসভার কর্মকর্তা কর্মচারীরা।
বৃহস্পতিবার শহরের বিভিন্ন এলাকায় পরিচ্ছন্ন কার্যক্রম ও মশক নিধন অভিযানের দৃশ্য দেখা গেছে।
সৈয়দপুর পৌরসভার সুত্র জানায়, প্রথম শ্রেণির এ পৌর এলাকার নাগরিক সেবায় পৌরসভার প্রতিটি বিভাগের কর্মকর্তা ও কর্মচারীরা কাজ করে যাচ্ছেন। পৌরসভার দাপ্তরিক কাজেও নাগরিকদের দেওয়া হচ্ছে তাদের প্রয়োজনীয় সেবা। এছাড়া শহরের জলাবদ্ধতা নিরসনে প্রতিটি পাড়া মহল্লায় রাস্তাঘাট, ড্রেন ও নালা নর্দমা পরিস্কারে কাজ করছে একদল পরিচ্ছন্ন কর্মী। শহরের বিভিন্ন পাড়া মহল্লা ঘুরে দেখা গেছে মশক নিধনসহ পরিস্কার পরিচ্ছন্নতা কার্যক্রম। নিত্যদিনের কার্যক্রমের অংশ হিসেবেই বিভিন্নস্থানের ছোট বড় ড্রেন ও নালায় জমে থাকা ময়লা আবর্জনা সম্পূর্ণ উত্তোলন ও অপসারণ করা হয়েছে।
পৌরসভার বিভিন্ন বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, পৌর প্রশাসক ফারাহ ফাতেহা তাকমিলা সৈয়দপুরে যোগদানের পর থেকেই শহরকে পরিচ্ছন্ন রাখতে নিয়েছেন নানা পদক্ষেপ। মূলত তারই নির্দেশনা এবং তদারকিতে পূর্বের তুলনায় এ কার্যক্রম আরও জোরদার হয়েছে। ড্রেন ও নালা পরিস্কারের মাধ্যমে পানি নিষ্কাশন ব্যবস্থা আরও সচল হয়েছে। ফলে জলাবদ্ধতা নিরসনে সহায়ক ভূমিকা রাখছে। এছাড়া শহরে মশাবাহিত রোগের ঝুঁকি কমাতে বিভিন্ন এলাকায় মশক নিধন অভিযান পরিচালনা করা হচ্ছে। পর্যায়ক্রমে পৌর এলাকার প্রতিটি ওয়ার্ডে এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছে পৌরসভার সংশ্লিষ্ট সুত্র।
জানতে চাইলে সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক ফারাহ ফাতেহা তাকমিলা বলেন, গোটা শহরকে পরিস্কার পরিচ্ছন্ন করতে পৌরসভার পরিচ্ছন্ন বিভাগের কর্মকর্তা ও কর্মচারীকে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে। এজন্য কঠোর নজরদারি করা হচ্ছে জানিয়ে তিনি বলেন সকলের প্রচেষ্টায় গড়ে উঠবে পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত শহর।
এ বিষয়ে পৌরবাসীর প্রতি তিনি বলেন আপনাদের কাছে আমার অনুরোধ ময়লা আবর্জনা নির্দিষ্ট ডাস্টবিনে ফেলুন এবং পৌর এলাকাকে পরিচ্ছন্ন রাখতে এ কার্যক্রমে সহযোগিতা করুন।