সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি ::
সৈয়দপুরে স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন হৃদয়ে সৈয়দপুর এর সহায়তায় বিয়ের পিঁড়িতে বসলো অসহায় পরিবারের মেয়ে রেখা বেগম।
বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার কামারপুকুর ইউনিয়নের নিজবাড়ী আবাসন প্রকল্প এলাকায় ওই বিয়ে সম্পন্ন করা হয়। এ অনুষ্ঠানের যাবতীয় খরচ বহন করে সংগঠনটি।
জানা গেছে, ওই এলাকার বাসিন্দা সামসুল ইসলাম। তিনি পেশায় রিকশাভ্যান চালক। তাঁর মেয়ে রেখা বেগমের বিয়ের বয়স হলেও কন্যা দায়গ্রস্থ অসহায় বাবা-মা মেয়ের বিয়ে দিতে পারছিলেন না।
এ অবস্থায় অনেক চেষ্টার পর সৈয়দপুরের পার্শ্ববর্তী দিনাজপুরের পার্বতীপুর উপজেলার বেলাইচন্ডী কুঠিপাড়ার মৃত বদর উদ্দিনের ছেলে মো. আবু ইসলামের সঙ্গে রেখা বেগমের বিয়ের দিনক্ষণ নির্ধারণ করা হয়। কিন্তু বিয়ের খরচ যোগাতে পারছিলেন না অসহায় পিতা সামসুল ইসলাম। এনিয়ে পড়েন চরম দুশ্চিন্তায়।
এ অবস্থায় খোঁজ পান হৃদয়ে সৈয়দপুর নামের একটি স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠনের। সেখানে গিয়ে অর্থাভাবে মেয়ের বিয়ের আয়োজন করতে পারছেন না জানিয়ে সামশুল ইসলাম সংগঠনের সহযোগিতা চান। তাঁর অসহায়ত্বের কথা শুনে এ সংগঠনের সংশ্লিষ্টরা রিকশাভ্যান চালক সামসুল ইসলামের মেয়ের বিয়ের বিষয়ে সার্বিক খোঁজ-খবর নেন। পরে সংগঠনটির পক্ষ থেকে অসহায় সামসুল ইসলামের মেয়ে রেখা বেগমের বিয়ের আয়োজন করা হয়।
বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সন্ধ্যায় কামারপুকুর নিজবাড়ি আবাসন প্রকল্প এলাকায় সকল আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে সামসুল ইসলামের বাড়িতে রেখা বেগম ও আবু ইসলামে ওই বিয়ে সম্পন্ন হয়। বিয়েতে বর-কনের পরিবারের সদস্য ছাড়াও স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন হৃদয়ে সৈয়দপুর এর উপদেষ্টা ও লক্ষণপুর স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. রেজাউল করিম রেজা, সমাজসেবক রবিউল আউয়াল রবি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র নেতা ও সমাজসেবক মামুন অর রশিদ মামুন, যুবনেতা শাকিল চৌধুরী, সংগঠনের প্রতিষ্ঠাতা সোহেল রানা, কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. জোবায়দুল ইসলাম সাগর, সাধারণ সম্পাদক মো. রুবেল, উপজেলা কমিটির সভাপতি এম মাসুদ পারভেজ, সাধারণ সম্পাদক মমিনুর রহমান মমিনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
এ বিষয়ে রেখা বেগমের পিতা মো. সামসুল ইসলাম বলেন, এতো ধুমধামে মেয়ের বিয়ের আয়োজন হবে সেটা আমার কল্পনাতেও আসেনি। তিনি বলেন, হৃদয়ে সৈয়দপুর যদি আমার পাশে না দাড়াতো তাহলে মেয়ের বিয়ের আয়োজন করা আমার পক্ষে সম্ভব হতো না। এ জন্য তিনি হৃদয়ে সৈয়দপুর এর সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
হৃদয়ে সৈয়দপুর এর প্রতিষ্ঠাতা সোহেল রানা বলেন, মূলতঃ সমাজের অসহায় দুস্থ মানুষের পাশে সাহায্যের হাত বাড়ানো লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে এই সংগঠনটি প্রতিষ্ঠা করা হয়েছে। গত ২০১৮ সাল থেকে আমরা সংগঠনের ব্যানারে সমাজের সুবিধাবঞ্চিত দুস্থ অসহায় মানুষের সহায়তায় নানাবিধ কর্মসূচি করে আসছি। আগামীতেও আমাদের এ উদ্যোগ অব্যাহত থাকবে বলে জানান তিনি।