মিজানুর রহমান মিলন, সৈয়দপুর::
সৈয়দপুরে হিন্দু ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দেড় হাজার দুস্থ পরিবারের মাঝে চাল ও হরিজন সম্প্রদায়ের ২০০ জনের মাঝে শাড়ি ও লুঙ্গি বিতরণ করেছেন সৈয়দপুর পৌরসভা মেয়র ও পৌর মহিলা আওয়ামী লীগের সভাপতি রাফিকা আকতার জাহান।
সোমবার (২৩ অক্টোবর) সকালে পৌর কমিউনিটি সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে ওইসব চাল ও শাড়ি লুঙ্গি বিতরণ করা হয়।
পৌরসভার সুত্র জানায়,২০২৩-২০২৪ অর্থ বছেরর পৌরসভার রাজস্ব আয় থেকে এক ১৫ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়। ওই বরাদ্দের বিপরীতে ১০ কেজি করে সনাতন ধর্মের অসহায় ও দুস্থ ১ হাজার ৫০০ পরিবারের মাঝে চাল দেওয়া হয়। মেয়র ও পৌর মহিলা আওয়ামী লীগের সভাপতি রাফিকা আকতার জাহান কাউন্সিলর ও পৌরসভার কর্মকর্তাদের নিয়ে ওইসব চাল বিতরণ করেন।
এছাড়া পৌরসভায় কর্মরত চুক্তিভিত্তিক নারী ও পুরুষ হরিজনদের মাঝে ২০০ জনের মাঝে শাড়ি ও লুঙ্গি বিতরণ করা হয়। এসবের মধ্যে ১০০ জনকে শাড়ি ও অপর ১০০ জনকে লুঙ্গি দেওয়া হয়।
এসময় পৌর প্যানেল মেয়র মো.শাহীন হোসেন, পৌর সচিব মো. সাইদুজ্জামান,নির্বাহী প্রকৌশলী মো. শহিদুল ইসলাম, পৌরসভার বিদ্যুৎ বিভাগের সহকারি প্রকৌশলী সেলিম জুয়েল, পৌরসভার স্যানিটারি সুপারভাইজার মো. ইশা মিঠুসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
জানতে চাইলে পৌর মেয়র ও পৌর মহিলা আওয়ামী লীগের সভাপতি রাফিকা আকতার জাহান বলেন, বরাবরের মত এবারও দুর্গাপূজার উৎসবে সনাতন ধর্মাবলম্বী অসহায় ও দুস্থ পরিবারের পাশে দাড়াতে পৌরসভার পক্ষ থেকে সামান্য উপহার হিসেবে ওইসব চাল ও হরিজনদের মাঝে শাড়ি ও লুঙ্গি বিতরণ করা হয়েছে।
তিনি ওইসব অসহায় পরিবারসহ হিন্দু সম্প্রদায়ের সকলকে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানিয়েছেন।