মিজানুর রহমান মিলন, সৈয়দপুর (নীলফামারী)::
জাতীয় পার্টির মনোনয়ন না পেয়ে নীলফামারী -৪ (সৈয়দপুর – কিশোরগঞ্জ) আসনে স্বতন্ত্র প্রার্থী হওয়া নীলফামারী জেলা জাতীয় পার্টির সহ সভাপতি ও সৈয়দপুর উপজেলা জাতীয় পার্টির আহবায়ক শিল্পপতি আলহাজ্ব সিদ্দিকুল আলম সিদ্দিক নির্বাচন কমিশনে আপিল মঞ্জুর হওয়ায় প্রার্থীতা ফেরত পেয়েছেন।
সোমবার (১১ ডিসেম্বর) দুপুরে ঢাকার আগারগাঁও নির্বাচন কমিশন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের সভাপতিত্বে প্রার্থীদের আপিল শুনানি অনুষ্ঠানে তার বাতিল হওয়া মনোনয়নপত্র বৈধ ঘোষণা হওয়ায় প্রার্থীতা ফিরে পান তিনি। এরআগে গত ৩ ডিসেম্বর মনোনয়নপত্র যাচাই বাছাইয়ে এক শতাংশ ভোটারের সমর্থনসুচক স্বাক্ষরে জটিলতা থাকায় নীলফামারী জেলা প্রশাসক ও জাতীয় সংসদ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা পঙ্কজ ঘোষ তার মনোনয়নপত্র বাতিল করেন। পরে মনোনয়নপত্র বাতিল হওয়ায় নির্বাচন কমিশনে আপিল করেন তিনি।
প্রার্থীতা ফিরে পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন স্বতন্ত্র প্রার্থী সিদ্দিকুল আলম সিদ্দিক। তিনি বলেন, আমার প্রার্থীতা নিয়ে অনেক ষড়যন্ত্র হয়েছে। কিন্তু সম্মান দেওয়ার মালিক আল্লাহ। আমি আল্লাহর অশেষ রহমত ও আমার নির্বাচনী এলাকার জনগনের দোয়ায় ন্যায়বিচার পেয়েছি। প্রার্থীতা ফিরে পাওয়ায় আমার এলাকার মানুষজন খুবই খুশি।
তিনি বলেন, জনগনের সেবার মনোভাব নিয়েই আমি নীলফামারী- ৪ (সৈয়দপুর -কিশোরগঞ্জ) আসনে স্বতন্ত্র প্রার্থী হয়েছি। আমার বিশ্বাস এ আসনের সর্বস্তরের জনগন আগামি ৭ জানুয়ারির সংসদ নির্বাচনে আমাকে ভালবাসার প্রতিদান দিবেন। তিনি নীলফামারী – আসনের সর্বস্তরের জনগনের দোয়া ও সমর্থন চেয়েছেন।
এদিকে সিদ্দিকুল আলম সিদ্দিক প্রার্থীতা ফিরে পাওয়ায় সৈয়দপুর কিশোরগঞ্জে তার নেতাকর্মী ও সমর্থকসহ ভোটারদের মাঝে ব্যাপক আনন্দ উদ্দীপনা দেখা গেছে। প্রার্থীতা ফিরে পাওয়ার আনন্দে অনেক এলাকায় মিস্টিও বিতরভ করা হয়েছে।