সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি::
নীলফামারীর সৈয়দপুরে অপারেশন ডেভিল হান্টে এবার গ্রেফতার হলেন মহিলা আওয়ামীলীগ নেত্রী ববি মন্ডল(৪০)। বুধবার (১২ ফেব্রুয়ারী) দুপুরে তাকে শহরের নতুন বাবুপাড়ার বাসা থেকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
সৈয়দপুর পৌর মহিলা আওয়ামীলীগের ১২ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক পদে থাকা ববিকে গেল বছরের ৪ আগস্ট ছাত্র জনতার গণআন্দোলন চলাকালে সন্ত্রাস ও নাশকতা মামলার আসামী হিসেবে গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে নীলফামারী জেল হাজতে পাঠানো হয়েছে। তিনি সাবেক পৌর মেয়র ও পৌর মহিলা আওয়ামীলীগের সভাপতি রাফিকা আকতার জাহান বেবীর ব্যক্তিগত সহকারী এবং শহরের নতুন বাবুপাড়া এলাকার বাবলুর স্ত্রী।
পুলিশ জানায়, সৈয়দপুর উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নের উত্তর সোনাখুলী গ্রামের তমদ্দি প্রামানিকের ছেলে নুর ইসলাম। তিনি গত ৪ আগস্ট সৈয়দপুর শহরে আসলে আওয়ামীলীগের মিছিল থেকে চালানো গুলিতে আহত হন। এর প্রেক্ষিতে ওই বছরের গত ৬ সেপ্টেম্বর ৬৩ জনকে আসামী করে হত্যা চেষ্টা মামলা দায়ের করেন। মামলা নং ৪। এর প্রধান আসামী সৈয়দপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মহসিনুল হক মহসিন। তার নেতৃত্বেই ঘটনার দিন বৈষম্য বিরোধী আন্দোলনকারীদের উপর গুলি চালানো হয় বলে মামলায় উল্লেখ করা হয়।
পরে মামলার তদন্তে সন্দিগ্ধ আসামী হিসেবে তাঁর সম্পৃক্ততা পাওয়ায় তাঁকে গ্রেফতারে সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ ফইম উদ্দিনের নেতৃত্বে পুলিশ পরিদর্শক (তদন্ত) আকতার হোসেন ও মামলার তদন্ত কর্মকর্তা সৈয়দপুর থানার এস আই মেহেদী হাসান খান মারুফ, এস আই আকমল হোসেনসহ সঙ্গীয় ফোর্স বিভিন্ন স্থানে অভিযান চালায়। পরে গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দুপুরে শহরের নতুন বাবুপাড়া এলাকায় মহিলা আওয়ামীলীগ নেত্রী ববি মন্ডলের বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
জানতে চাইলে সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ ফইম উদ্দিন গ্রেফতারের বিষয় নিশ্চিত করে বলেন, অপারেশন ডেভিল হান্টের আওতায় গত বছরের ৪ আগস্ট ছাত্র জনতার ওপর হামলা ও দোকানপাট ভাঙ্চুরের মামলায় সন্দিগ্ধ আসামী হিসেবে তাকে গ্রেফতার করা হয়েছে। আইনী প্রক্রিয়া শেষে বুধবার বিকালে তাকে নীলফামারী জেল হাজতে প্রেরণ করা হয়েছে। তিনি বলেন, মামলার অন্যান্য আসামীসহ আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অন্যান্য অপরাধীদেরও গ্রেফতার অভিযান অব্যাহত থাকবে। এজন্য থানা পুলিশ ও পুলিশ ফাঁড়ির সকল অফিসার ও সদস্যদের নিয়মিত অভিযান পরিচালনার নির্দেশনা দেওয়া হয়েছে।
উল্লেখ্য অপারেশন ডেভিল হান্টের আওতায় মঙ্গলবার (১১ফেব্রুয়ারি) আওয়ামীলীগ নেতা ও সৈয়দপুর উপজেলার বোতলাগাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জামান জুনকে গ্রেফতার করে পুলিশ।