মিজানুর রহমান মিলন, সৈয়দপুর::
সৈয়দপুর শহরের যানজট নিরসনে সড়কের ওপর অবৈধ দোকানপাট উচ্ছেদ এবং ফুটপাত দখলমুক্ত অভিযান অব্যাহত রয়েছে। পবিত্র রমজান ও ঈদকে সামনে রেখে যৌথবাহিনীর সহযোগিতায় সৈয়দপুর পৌরসভা ওই অভিযান শুরু করে।
গত ২ মার্চ (রবিবার) থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মো. নুর-ই- আলম সিদ্দিকীর নেতৃত্বে ওই অভিযান চলছে। প্রথমদিন থেকে সেনাবাহিনী, থানা পুলিশ ও ট্রাফিক বিভাগের সমন্বয়ে যৌথবাহিনীর অভিযানে সহযোগিতা করে
বিএনপি, জামায়াত ও ব্যবসায়ীদের সংগঠন। গতকাল বুধবারও (৫ মার্চ) শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে ফুটপাত দখলমুক্ত অভিযান পরিচালনা করা হয়।
পৌরসভার সুত্র জানায়, দীর্ঘদিনের যানজট সমস্যা সমাধানে গেল জানুয়ারি মাসে পৌর প্রশাসক নুর- ই-আলম সিদ্দিকীর আহবানে ট্রাফিক বিভাগ, থানা পুলিশ, রাজনৈতিক নেতৃবৃন্দ ও ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দকে নিয়ে সৈয়দপুর পৌর কমিউনিটি সেন্টারে মতবিনিময় সভা হয়। ওই সভায় শহরের যানজট নিরসনে সকলের সম্মতিতে বিভিন্ন সিদ্ধান্ত নেওয়া হয়। এতে শহরের যানজট নিরসনে ফুটপাত দখলমুক্ত করাসহ দিনের বেলা ভারী যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা দিয়ে গণবিজ্ঞপ্তি জারি করে সৈয়দপুর পৌরসভা। ফলে কয়েকদিন শহরে যানজট পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও পরে আবার পূর্বের অবস্থায় ফিরে আসে
শহরের চিরচেনা রুপ।
পৌরসভা ও ট্রাফিক বিভাগের দায়িত্ব পালন নিয়ে জনমনে শুরু হয় ব্যাপক সমালোচনা। এমন পরিস্থিতিতে শহরবাসী যানজট পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে। বিষয়টি পৌর প্রশাসক নিজেও উপলব্ধি করলে সম্প্রতি আবারও শহরের যানজট নিয়ন্ত্রণে করণীয় সম্পর্কে সুধিজনদের নিয়ে রিভিউ সভা করা হয়। এতে শহরে নিয়মিত অভিযান পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়।
সুত্রটি জানায়, এরই প্রেক্ষিতে গত ২ মার্চ থেকে পৌর প্রশাসক মো. নুর-ই-আলম সিদ্দিকীর নেতৃত্বে সেনাবাহিনীর সহযোগিতায় চলে অভিযান। দখলমুক্ত করা হয় শহরের ফুটপাত, উচ্ছেদ করা হয় অবৈধ দোকানপাট। এরপর থেকে পাল্টে যায় শহরের চিত্র। আগের চাইতে সহনীয় পর্যায়ে এসেছে যানজট পরিস্থিতি। যৌথবাহিনীর অভিযানকালে সেনাবাহিনীর পাশাপাশি, সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ মো. ফইম উদ্দিন ট্রাফিক বিভাগের শহর ও যানবাহন পরিদর্শক (টিআই) মো. মাহফুজার আলম ও জাকির হোসেন, সৈয়দপুর ব্যবসায়ী সমিতির সভাপতি আলতাফ হোসেন, সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির অন্যতম নেতা শওকত হায়াৎ শাহ, জামায়াতে ইসলামী সৈয়দপুর উপজেলা শাখার আমীর হাফেজ মাওলানা মো. আব্দুল মুনতাকিম, পৌর জামায়াতে ইসলামীর সভাপতি মো. শরফুদ্দিন খান, ব্যবসায়ী নেতা তারিকুল আলম তারিক, আলহাজ্ব মাহবুব আলম, সালাহউদ্দিন আহমেদ, মমতাজ মিন্টু, পৌরসভার হিসাবরক্ষক আবু তাহেরসহ পৌরসভার কর্মকর্তা ও কর্মচারী ও
গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
বুধবার (৫ মার্চ) দুপুরে দেখা যায়, শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে ট্রাফিক পুলিশ সদস্যদের নিয়োজিত করা হয়েছে। যানজট দূর্ভোগ কমাতে তাদেরকে সহায়তা করছে পৌরসভার কর্মকর্তা কর্মচারিরা।
সকাল থেকে প্রবেশ করতে দেওয়া হয়নি ভারী যানবাহন। রিক্সা, অটোরিকশা ও ব্যাটারিচালিত রিকশাভ্যান চালকদের ট্রাফিক আইন মেনে চলার আহবান জানানো হচ্ছে। শহরের প্রধান প্রধান মোড়গুলোতে যাতে জটলা না হয় সেজন্য অটোরিকশা শ্রমিকরাও কাজ করে যাচ্ছেন। ফলে শহরের যানজট কমে এসেছে। গত ২ মার্চ পৌরসভার পক্ষ থেকে সৈয়দপুর শহরের যানজট নিরসনে ফুটপাত দখলমুক্ত অভিযান শুরুর পর এ অবস্থার সৃষ্টি হয়েছে।
এনিয়ে শহরবাসী স্বস্তির নিঃশ্বাস ফেললেও এমন পরিস্থিতি কতদিন থাকবে তা নিয়েও সন্দেহ প্রকাশ করেছেন সচেতন মহল। তবে তাদের আশা পৌরসভা ও ট্রাফিক বিভাগ এমন কার্যক্রম চালু রাখলে রমজান ও ঈদের বাজার হবে যানজট মুক্ত।
এসব বিষয়ে অনেকেই তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। বেসরকারি প্রতিষ্ঠানের চাকুরিজীবী নজরুল ইসলাম (৫০) বলেন, আগে শহরের সারাদিনই শহরে যানজট লেগে থাকতো। এখন তা কমে এসেছে। একই কথা বলেছেন ব্যবসায়ী সারফারাজ, আহমেদ, মোক্তার পাপ্পুসহ অনেকে।
তারা বলেছেন আগে শহরের চলাফেরা করতে চরম ভোগান্তি পোহাতে হতো তাঁদের। কিন্তু এখন তেমন অবস্থা নেই। এজন্য পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা নুর ই আলম সিদ্দিকীর এমন উদ্যোগকে স্বাগত জানান তারা।
শিল্প উদ্যোক্তা ও সমাজকর্মী এস কে আহমেদউল্লাহ, ও ব্যবসায়ী তোফায়েল মোহাম্মদ আজম বলেন, শহরের যানজট নিরসনে ফুটপাত দখলমুক্ত অভিযান কার্যক্রম সত্যিই প্রশংসনীয়। বর্তমানে আগের মত তেমন যানজট নেই, এ ধারা অব্যাহত রাখতে পৌরসভাকে নিয়মিত অভিযান পরিচালনার আহবান জানিয়ে তারা বলেন, অভিযানের সুফল পেতে সকলের নজরদারি প্রয়োজন। নয়তো সৈয়দপুরের যানজটের চিত্র আগের অবস্থায় ফিরে আসবে বলে আশংকা তাদের।
সৈয়দপুর ব্যবসায়ী সমিতির সভাপতি মো. আলতাফ হোসেন শহরের যানজট নিরসনে পৌরসভার উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, কারও যাতে কষ্ট না হয়, সে বিষয়টি লক্ষ্য রাখতে হবে। এজন্য পৌরসভাকে সৈয়দপুর ব্যবসায়ী সমিতি সর্বাত্মক সহযোগিতা করবে।
এ প্রসঙ্গে জানতে চাইলে সৈয়দপুর পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. নুর-ই- আলম সিদ্দিকী বলেন, রমজান মাস ও আসন্ন ঈদুল ফিতরের উৎসবকে সামনে রেখে শহরের বাড়তি যানবাহন ও মানুষজনের চাপ অনেক বেড়ে যায়। ফলে সৃষ্টি হয় ভয়াবহ যানজট। তাই শহরে যাতে কোন প্রকার যানজট সৃষ্টি না হয়, সেজন্য ফুটপাত দখলমুক্ত করতে এই অভিযান অব্যাহতভাবে চলবে।
সৈয়দপুর শহরের যানজট নিরসনে উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে যৌথবাহিনীর অভিযান।