ফেসবুকে ভাইরাল মুক্তারপুর সেতুর টোল প্লাজার সিকিউরিটি গার্ডকে মারপিটের ঘটনায় ৭ জনের বিরুদ্ধে মামলা
প্রকাশিত :
মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫
১৮১
বার পঠিত
মুন্সীগঞ্জ প্রতিনিধি:
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া মুন্সিগঞ্জ সদরের মুক্তারপুর সেতুর টোল প্লাজায় দায়িত্বরত সিকিউরিটি গার্ডকে প্রকাশ্যে মারধর ও পেটানোর ঘটনার ভাইরাল ভিডিওর দুই যুবকের নাম উল্লেখসহ বাকিদের অজ্ঞাতনামা করে সর্বমোট ৭ জনের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভিডিওটি ভাইরালের পর সোমবার রাত ৮টার দিকে টোল প্লাজার ভুক্তভোগী সিকিউরিটি গার্ড আব্দুল হাসেম (৫৫) সদর থানায় হাজির হয়ে সরকারি কাজে বাঁধা প্রদান ও মারধরের অভিযোগে নিজে বাদি হয়ে মামলাটি দায়ের করেন।
মামলার আসামিরা হলেন, শহরের উত্তর ইসলামপুর এলাকার মিনহাজ উদ্দিনক (২৮) (প্রধান আসামি) ও পাপ্পু নামের আরেক যুবক ২নং আসামি সহ অজ্ঞাত আসামি আরও ৪-৫ জন।
মামলার এজাহার ও বাদীর অভিযোগ, গতকাল রোববার (১৭ আগস্ট) সকাল ৮টায় আমি ডিউটিতে যাই। সকাল ১১টার দিকে টোলপ্লাজায় মুন্সিগঞ্জগামী বুথে সিগন্যাল দেয়ার সময় ওই দুই আসামি তাদের মোটরসাইকেল নিয়ে আগে যেতে চাইলে আমি তাদের সিরিয়ালে থেকে নিয়মমাফিক টোল দিতে বললে তারা আমার উপর ক্ষিপ্ত হয়ে হুমকি-ধামকি দিয়ে টোল প্লাজা থেকে চলে যায়।
সিকিউরিটি গার্ড আব্দুল হাসেম বলেন, এই ঘটনাকে কেন্দ্র করে একইদিন বেলা সাড়ে ১১টার দিকে ওই দুই যুবকসহ আরও ৪-৫ জন টোলপ্লাজায় এসে আমাকে নিচে ফেলে বেধম মারধর করে এবং একপর্যায়ে টোলপ্লাজার সামনে থাকা লাঠি সদৃশ বস্তু দিয়ে আমাকে মারধর করে। পরে সেখানকার উপস্থিত লোক-জনের সহায়তায় তিনি মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে গিয়ে চিকিৎসা নেন।
তার আক্ষেপ, ‘আমার হাতে ৫টি সেলাই পড়েছে। আমার সারা শরীরে এখনো ব্যাথা। আমার নাতির বয়সী ছেলেগুলো- তাদের মন থেকে কি মায়া-দয়া উঠে গেছে? এভাবে তারা আমাকে ফেলে বেধড়ক পেটালো?’