- স্পোর্টস ডেস্ক ::
সুইডেনের বিপক্ষে জাপান ড্র করেছে। গ্রুপের দ্বিতীয় স্থানে থেকে তারা নকআউট পর্বে উঠেছে, যেখানে তারা মুখোমুখি হবে সি গ্রুপের চ্যাম্পিয়ন ব্রাজিলের। ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে জাপানি কোচ হাজিমে মোরিয়াসু বলেছেন, বিশ্বকাপের সবচেয়ে সেরা দল হলো ব্রাজিলের প্রধান প্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা।
আগামী ২৯ জুন হিউস্টনে ব্রাজিলের মুখোমুখি হওয়ার আগে কোচ বলেছেন, ‘আমি আমার চোখ বন্ধ করে আশা করছি এখানে অন্য কোনো দেশের সাংবাদিক নেই। কিন্তু আমি বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে এটা (বিশ্বকাপের সেরা দল) বলব, যারা ভালো খেলছে, কিন্তু আমি ব্রাজিলের কাছে ক্ষমা চাই।’
ব্লু সামুরাই কমান্ডার অবশ্য ব্রাজিলিয়ান জাতীয় দলের কোচ কার্লো আনচেলত্তির ভূয়সী প্রশংসা করেছেন। মোরিয়াসু ইতালিয়ানের ‘প্রশংসা’ করেন এবং স্বীকার করেন, তিনি কখনো ব্রাজিলিয়ান কোচের সমপর্যায়ে যেতে পারবেন না।
তিনি বলেন, ‘আমি আনচেলত্তিকে কোচ হিসেবে প্রশংসা করি। চ্যাম্পিয়ন্স লিগে তার অনেক সাফল্য এবং তিনি পাঁচটি মেজর লিগেই শিরোপা জিতেছেন। তিনি দুর্দান্ত। আমি কখনো তার পর্যায়ে পৌঁছাতে পারব না। এখন তিনি ব্রাজিলকে নেতৃত্ব দিচ্ছে, যারা বিশ্বের অন্যতম সেরা দল, যেটা সহজ কাজ নয়। এর ফলও তিনি পাচ্ছেন, যেটা প্রমাণ করছে যে তার অনেক শক্তি ও সামর্থ্য আছে।’
আত্মবিশ্বাসী কিন্তু সমীহ কণ্ঠে তিনি ব্রাজিলিয়ান জাতীয় দলের প্রশংসা করেছেন। কিন্তু তার মতে ম্যাচটি হতে যাচ্ছে দারুণ অভিজ্ঞতা। তার বিশ্বাস টুর্নামেন্টে আরও এগিয়ে যাওয়ার সুযোগ তার দলের আছে।
জাপান কোচ বললেন, ‘এটা হতে যাচ্ছে দারুণ এক অভিজ্ঞতা। তারা পারফেক্ট, কিন্তু আমি বিশ্বাস করি আমাদের জয়ের ও পরবর্তী ধাপে যাওয়ার একটা সুযোগ আছে। আমরা সেই সম্ভাবনার দিকে এগোচ্ছি এবং প্রস্তুতি নিচ্ছি। আমরা ব্রাজিলের বিপক্ষে প্রীতি ম্যাচ জিতেছিলাম। সম্ভবত সেই কারণে তারা আরও বেশি উজ্জীবিত। আমি এই ম্যাচের জন্য উন্মুখ হয়ে আছি।’
তার শেষ কথা, ‘আগে, জাপান ব্রাজিলের জন্য সহজ প্রতিপক্ষ ছিল। কিন্তু শেষ প্রীতি ম্যাচের পর আমরা প্রমাণ করেছি ব্রাজিলের কাছে আর সহজ নই আমরা। এটা একটা সুবিধা এবং উন্নতি। ব্রাজিল বিশ্বের শীর্ষ দল, আমরা তাদের শ্রদ্ধা করি। কিন্তু আমরা জানি না পরের ম্যাচে কী হতে যাচ্ছে। আমাদেরও জেতার সুযোগ থাকবে।’
এবারের আসরে গোলের রেকর্ড গড়েছে জাপান। টুর্নামেন্টে তারা রেকর্ড সপ্তম গোল করেছে, যা এক বিশ্বকাপে দেশটির সর্বোচ্চ। রাশিয়ায় আট বছর আগে শেষ ষোলোতে ওঠার পথে জাপানের ছয় গোলের রেকর্ড ভাঙল তারা।
এনিয়ে টানা তৃতীয় বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকে নকআউটে উঠল জাপান। সব মিলিয়ে পঞ্চমবার। ২০০২ সালে যৌথ আয়োজক হিসেবে প্রথমবার তারা শেষ ষোলো খেলেছিল।