- আন্তর্জাতিক ডেস্ক ::
আমেরিকার সাথে চলমান চরম উত্তেজনার মধ্যেই পারমাণবিক হামলার ঘটনায় নাগরিকদের করণীয় সম্পর্কে বেশ কিছু সতর্কতামূলক নির্দেশনা প্রচার করছে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন। বিস্ফোরণের পর উন্মুক্ত ত্বক ধোয়া, বোতলজাত পানি ও প্যাকেটজাত খাবার ব্যবহার এবং ২৪ ঘণ্টা পার হওয়ার পরও তাড়াহুড়ো করে ঘরের বাইরে না যাওয়ার মতো বিষয়গুলো এই নির্দেশিকায় তুলে ধরা হয়েছে।
পারমাণবিক হামলার বেঁচে থাকার নির্দেশিকায় যে ৫টি বিষয় রয়েছে:
১. বিস্ফোরণের ঝলকানি দেখা থেকে বিরত থাকুন এবং অবিলম্বে আশ্রয় নিন
পারমাণবিক বিস্ফোরণের ফলে সৃষ্ট তীব্র আলোর দিকে সরাসরি তাকাতে নাগরিকদের সতর্ক করা হয়েছে। বিস্ফোরণের ঢেউ অতিক্রম না করা পর্যন্ত অবিলম্বে কোনো শক্ত বাধার আড়ালে আশ্রয় নেওয়া, উপুড় হয়ে শুয়ে পড়া এবং মাথা ও মুখ ঢেকে রাখার পরামর্শ দেওয়া হয়েছে।
২. বিস্ফোরণের পর নিকটস্থ বিল্ডিংয়ে প্রবেশ করুন
বিস্ফোরণের ধাক্কা কেটে যাওয়ার পর লোকজনকে নিকটস্থ কোনো ভবনে চলে যাওয়ার এবং জানালা ও বাইরের দেওয়াল থেকে দূরে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। বাইরে দাঁড়িয়ে বিস্ফোরণের পরিণতি দেখা বা ছবি তোলার বিরুদ্ধেও সতর্ক করা হয়েছে। এছাড়া, গাড়িগুলোকে নিরাপদ আশ্রয় হিসেবে ব্যবহার না করার কথা বলা হয়েছে।
৩. তেজস্ক্রীয় কণা দূর করতে উন্মুক্ত ত্বক ধুয়ে ফেলুন
যাঁরা তেজস্ক্রীয় ধূলিকণার সংস্পর্শে আসতে পারেন, তাঁদের সাবান ও কুসুম গরম পানি দিয়ে উন্মুক্ত ত্বক ধুয়ে ফেলতে বলা হয়েছে এবং কন্ডিশনার ছাড়াই সাধারণ শ্যাম্পু ব্যবহার করতে বলা হয়েছে। যদি গোসল করা সম্ভব না হয়, তবে পানি বা ভেজা টিস্যু দিয়ে মুখ, হাত ও অন্যান্য উন্মুক্ত অংশ পরিষ্কার করে নিতে হবে।
৪. অন্তত ২৪ ঘণ্টা ঘরের ভেতরে বা আশ্রয়ে থাকুন
পারমাণবিক বিস্ফোরণের পর কমপক্ষে ২৪ ঘণ্টা ঘরের ভেতরে বা আশ্রয়ে অবস্থান করার সুপারিশ করা হয়েছে। এই সময়ে নাগরিকদের বোতলজাত পানি এবং প্যাকেটজাত খাবার ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে।
৫. নিরাপদে সরে যাওয়ার আগে সরকারি নির্দেশনা মেনে চলুন
মাত্র ২৪ ঘণ্টা পার হয়ে গেলেই চারপাশ নিরাপদ হয়ে গেছে—এমন ধারণা না করার জন্য সতর্ক করা হয়েছে। নিরাপদ প্রস্থান বা সরিয়ে নেওয়ার পথ সম্পর্কে জানতে নাগরিকদের অবশ্যই সরকারি ঘোষণা এবং জরুরি সম্প্রচার অনুসরণ করতে হবে। যদি কোনো ভবনের ভেতরে আগুন ধরে যায় বা ভবন ধসে পড়ার শঙ্কা থাকে, তবে দ্রুত অন্য কোনো নিরাপদ আশ্রয়ে সরে যেতে হবে।
সরকারিসেবা
ইরানি টেলিভিশনে প্রচারিত এই নির্দেশিকায় পারমাণবিক হামলার সম্ভাব্য পরিস্থিতিতে অবিলম্বে সতর্কতা অবলম্বন করা, উপযুক্ত আশ্রয় খুঁজে পাওয়া এবং সরকারি নির্দেশনা মেনে চলার ওপর বিশেষ জোর দেওয়া হয়েছে। এছাড়া, এলাকা ত্যাগ করা নিরাপদ—এমন নিশ্চিত বার্তা পাওয়ার আগে নাগরিকদের ঘরের বাইরে না যাওয়ার বিষয়েও সতর্ক করা হয়েছে।