- নিজস্ব প্রতিবেদক ::
ভ্রাম্যমান আদালতের অভিযানে খুলনার পাইকগাছায় অনুমোদনহীন ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার পরিচালনার অভিযোগে ১ জনকে জেল ও ২০ হাজার টাকা জরিমানা ও অপারেশন থিয়েটার সিলগালা করা হয়েছ।
মঙ্গলবার (১৭ মার্চ) দুপুর থেকে উপজেলার চাঁদখালী ও রাড়ুলী ইউনিয়নের বিভিন্ন ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে পরিচালিত অভিযানে এ দন্ডাদেশ প্রদান করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ওয়াসিউজ্জামান চৌধুরীর নেতৃত্বে পরিচালিত অভিযানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ ফজলে রাব্বী এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আহসানারা বিনতে আহমদ, ডা. সুজন কুমার সরকার, ডা. সঞ্জয় কুমার মন্ডল, থানার এসআই বিশ্বজিৎসহ অন্যন্যরা।
অভিযান চলাকালে লাইসেন্স ও প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় বাঁকা বাজারে অবস্থিত ডা. নুরউদ্দিন মেমোরিয়াল ক্লিনিককে ১০ হাজার টাকা, ফ্রেন্ডস ক্লিনিককে ৫হাজার টাকা ও আশা ক্লিনিককে ৫ হাজার টাকা জরিমানা ও তিন প্রতিষ্ঠানের অপারেশন থিয়েটার সিলগালা করেন ভ্রাম্যমান আদালত।
এছাড়া বাঁকা সার্জিক্যাল ক্লিনিকের মালিক গৌতম সরকার ভুয়া পদবী ও বিশেষজ্ঞ পরিচয় ব্যবহার করে রোগী দেখা, ব্যবস্থাপত্র দেওয়ার অভিযোগে ২১ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে। এসময় ক্লিনিকের অপারেশন থিয়েটার সিলগালা করা হয়।
এদিকে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যালয়ের তত্ত্বাবধানে চাঁদখালীর মাইশা ডায়াগনস্টিক সেন্টার ও পিয়া ডায়াগনস্টিক সেন্টারের লাইসেন্স নাথাকায় সিলগালা করে সকল কার্যক্রম বন্ধ করে দেয়া হয়।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ওয়াসিউজ্জামান চৌধুরী জানান, জনস্বাস্থ্য সুরক্ষা এবং স্বাস্থ্যসেবার মান নিশ্চিত করতে অভিযান অব্যাহত থাকবে।