সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি::
সৈয়দপুরে উপজেলা পর্যায়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় ফুটবল টুর্নামেন্ট-২০২৪ (অনুর্ধ্ব-১৭) এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১১ জুলাই) বিকেলে সৈয়দপুর শেখ রাসেল মিনি স্টেডিয়ামে টুর্নামেন্টের ওই ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলায় বাঙ্গালীপুর ইউনিয়ন ফুটবল দল বনাম সৈয়দপুর পৌরসভা ফুটবল দল পরস্পরের মুখোমুখি হয়।
এতে সৈয়দপুর পৌরসভা ফুটবল দল ২-০ গোলে বাঙ্গালীপুর ফুটবল দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। টুর্নামেন্টে সর্বোচ্চ গোলদাতা নির্বাচিত হন পৌরসভা ফুটবল দলের মো. মাহিম এবং একই দলের রাব্বি ইসলাম শ্রেষ্ঠ খেলোয়াড় ও ম্যান অব দ্যা টুর্নামেন্ট নির্বাচিত হয়েছে।
টুর্নামেন্টের ফাইনাল খেলাটি পরিচালনা করেন রেফারি মো. শরিফুল ইসলাম। সহকারি রেফারী ছিলেন গোলাম মোস্তফা ও আমিরুল ইসলাম।
এছাড়াও খেলায় চতুর্থ রেফারি ছিলেন আব্দুস সালাম মন্ডল। খেলা শেষে টুর্নামেন্টের চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের মধ্যে ট্রফি বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি সংসদ সদস্য আলহাজ্ব সিদ্দিকুল আলম সিদ্দিক চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের অধিনায়ক ও খেলোয়াড়দের হাতে ট্রফি তুলে দেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি মো. নুর-ই-আলম সিদ্দিকী।
সৈয়দপুর উপজেলা ক্রীড়া সংস্থা অতিরিক্ত সম্পাদক আহসান উদ্দিন বাদলের সঞ্চালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. আমিনুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান সানজিদা বেগম লাকী, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ ধীমান ভুষন, উপজেলা শিক্ষা অফিসার জাকির হোসেন সরকার, উপজেলা প্রশাসনিক কর্মকর্তা একেএম আমিরুজ্জামান শামীম, বাঙ্গালীপুর ইউপি চেয়ারম্যান ডা. মো. শাহাজাদা সরকার, বোতলাগাড়ী ইউপি চেয়ারম্যান মো. মনিরুজ্জামান জুন, পৌর কাউন্সিলর নজরুল ইসলাম রয়েল, আল-ফারুক একাডেমির প্রধান শিক্ষক মো. শফিকুল ইসলাম, টুর্নামেন্ট কমিটির সদস্য আজিজুল বারী বসুনিয়া ও কোষাধ্যক্ষ বদিউজ্জামান বদিয়ার, সাবেক ক্রিকেটার মোক্তার সিদ্দিকী প্রমুখ।
এরআগে গত ৬ জুলাই এ টূর্ণামেন্টের উদ্বোধন হয়। উপজেলা প্রশাসনের আয়োজবে এ টুর্নামেন্টে সৈয়দপুর উপজেলার কামারপুকুর, কাশিরাম বেলপুকুর, বাঙ্গালীপুর, বোতলাগাড়ী খাতামধুপুর পাঁচটি ইউনিয়ন ফুটবল দল এবং সৈয়দপুর পৌরসভা ফুটবল দল অংশ গ্রহন করে।