মুন্সিগঞ্জ প্রতিনিধি::
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার পদ্মার শাখা নদীতে বাল্কহেডের ধাক্কায় ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। এতে ট্রলারে থাকা এক শিশুসহ দুই জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে এ দুর্ঘটনায় ঠিক কতজন নিখোঁজ রয়েছে সেটা এখনো জানা যায়নি।
আজ শনিবার সন্ধ্যা সোয়া ৬ টার দিকে উপজেলার হাসাইল এলাকার পদ্মা শাখা নদীতে ট্রলার পারাপারের সময় এ দুর্ঘটনা ঘটে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, ট্রলার ডুবির ঘটনায় উপজেলার মান্দ্রা গ্রামের নজরুল বেপারীর মেয়ে শিফা (১৫) ও নারায়নগঞ্জ ফতুল্লা এলকার ফারুক হোসেনের মেয়ে ফাইজার (৬) মৃত্যু হয়েছে।
প্রত্যক্ষদর্শী হাফেজ মৃধা জানিয়েছেন, হাসাইলের মিয়া বাড়ির ঘাট থেকে ৩৫-৪০ জনযাত্রী নিয়ে হাসাইল বাজারের উদ্দেশ্যে ট্রলারটি ছেড়ে মাঝ নদীতে আসলে লৌহজংগামী একটি বাল্কহেড ট্রলারের উপর উঠিয়ে দেয়। এতে ট্রলারসহ ট্রলারে থাকা সকল যাত্রী পানিতে তলিয়ে গেলে এক শিশুসহ দুইজনের মৃত্যু হয়। তবে এ ঘটনায় বেশ কয়েকজন নিখোঁজ রয়েছে।
এদিকে নিখোঁজদের উদ্ধারে ফায়ার সার্ভিসের পাশাপাশি স্থানীয়রা কাজ করছে।
বিষয়টি নিশ্চিত করে টঙ্গীবাড়ি থানার অফিসার ইনচার্জ মো. রাজিব খান বলেন, ধাক্কা দেয়া বাল্কহেডটি আটক করা হয়েছে। তবে চালককে গ্রেফতার করা যায়নি। সন্ধ্যার দিকে এ ঘটনা ঘটে।