- নিজস্ব প্রতিবেদক ::
পাইকগাছার কপিলমুনিতে পূর্ব শত্রুতার জের ধরে আবির দাশ দীপ্ত (২৬) নামে এক মাদকাশক্ত যুবক কুড়াল দিয়ে কুপিয়ে লিটন দাশ (২৬) নামে অপর এক যুবককে গুরুতর আহত করেছে। ঘটনাটি ঘটেছে গত ৩১ মে রাত পৌনে ৮ টার দিকে উপজেলার কপিলমুনির কাজীমুছা এলাকায়।
স্থানীয়রা লিটনকে উদ্ধার করে তাৎক্ষণিক পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ ঘটনায় লিটনের ভাই যোগেশ দাশ বাদী হয়ে আবির দাশ দীপ্তর বিরুদ্ধে পাইকগাছা থানায় একটি অভিযোগ করেছে।
অভিযোগে জানানো হয়, কাজীমুছা গ্রামের কার্ত্তিক দাশের ছেলে লিটন ঘটনার দিন ৩১ মে সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটের দিকে বাড়ি থেকে বেরিয়ে ৭ নং নাবা প্রাথমিক বিদ্যালয় মাঠে যাচ্ছিল। পথিমধ্যে নিমাই দাশের বাগান সংলগ্ন রাস্তায় পৌঁছালে একই গ্রামের কালিপদ দাশের মাদকাসক্ত ও বিক্রেতা আবির দাশ ওরফে দীপ্ত পূর্ব পরিকল্পিতভাবে তাকে হত্যার উদ্দেশ্যে তার মাথায় কোপ দিতে গেলে লিটন দাশ কিছুটা সরে যাওয়ায় কুড়ালের কোপ তার পায়ে লাগলে সে পড়ে যায় এসময় তার গলায় কোপ দিতে গলে সরে যাওয়ায় বাম কাধের উপর লাগে। এসময় তার আত্নচিৎকারে নিমাই মাষ্টারসহ স্থানীয়রা এগিয়ে আসলে দীপ্ত হুমকি দিয়ে পালিয়ে যায়। এরপর তারা তাকে উদ্ধার করে পাইকগাছা হাসপাতালে ভর্তি করে।
স্থানীয়দের অভিযোগ, কাজিমুছা গ্রামের আবির দাস দীপ্ত দীর্ঘ দিন ধরে এলাকায় একটি মাদক সিন্ডিকেট গড়ে তুলেছে। এমনকি প্রতিদিন গভীর রাত পর্যন্ত তার বাড়িতে মাদকসেবীদের আখড়া বসে বলেও সূত্র জানায়।
এব্যাপারে লিটনের পরিবারসহ শান্তিপ্রিয় এলাকাবাসী আবির দাশ দীপ্তকে গ্রেপ্তারপূর্বক আইনের আওতায় নেওয়ার জন্য থানা পুলিশের প্রতি জরুরী হস্তক্ষেপ কামনা করেছে।