- বিশেষ প্রতিনিধি ::
সাতক্ষীরায় সাংবাদিকের ওপর হামলা ও পরবর্তীতে পাল্টা মামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন স্থানীয় সাংবাদিকরা। কর্মসূচি থেকে প্রকৃত হামলাকারীদের গ্রেপ্তার এবং সদর থানার ওসি প্রত্যাহারের দাবিতে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দেওয়া হয়েছে।
রবিবার (০৫ এপ্রিল) সকাল ১১টায় সাতক্ষীরা নিউ মার্কেট শহীদ আলাউদ্দীন চত্বর এলাকায় সাতক্ষীরা প্রেস ক্লাবের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
প্রেস ক্লাবের সভাপতি আবুল কাশেমের সভাপতিত্বে এবং যুগ্ম সাধারণ সম্পাদক এম. বেলাল হোসাইনের সঞ্চালনায় আয়োজিত মানববন্ধনে জেলার বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, এনটিভির সাংবাদিক এস.এম জুলফিকার আলী জিন্নাহর ওপর বর্বরোচিত হামলার ঘটনায় জড়িতদের গ্রেপ্তার না করে উল্টো ভুক্তভোগীদের বিরুদ্ধে মামলা করা হয়েছে, যা ন্যায়বিচারের পরিপন্থি। তারা অভিযোগ করেন, মামলায় ঘটনাস্থলে উপস্থিত না থাকা মেহেদী আলী সুজয়কেও জড়ানো হয়েছে, যা উদ্দেশ্যপ্রণোদিত।
বক্তারা আরও বলেন, সাতক্ষীরা সদর সাব-রেজিস্ট্রি অফিসে দীর্ঘদিন ধরে একটি প্রভাবশালী সিন্ডিকেট সাধারণ মানুষকে জিম্মি করে রেখেছে। এই সিন্ডিকেটের বাইরে গিয়ে সেবা নিতে গেলেই হয়রানি ও হামলার শিকার হতে হচ্ছে।
মানববন্ধনে বক্তব্য দেন কল্যাণ ব্যানার্জি, মমতাজ আহমেদ বাপী, আসাদুজ্জামান আসাদসহ অন্যান্য সাংবাদিক নেতারা। বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে হামলাকারীদের গ্রেপ্তার, মিথ্যা মামলা প্রত্যাহার এবং ওসিকে প্রত্যাহারের দাবি পূরণ না হলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।
প্রসঙ্গত, গত ৩০ মার্চ সাতক্ষীরা সদর সাব-রেজিস্ট্রি অফিসে জমি রেজিস্ট্রি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে সাংবাদিক জিন্নাহর ওপর হামলার ঘটনা ঘটে।
অভিযোগ রয়েছে, অফিসের একটি সিন্ডিকেটের বাইরে গিয়ে কাজ করায় এ হামলা চালানো হয়। পরবর্তীতে হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে উল্টো সাংবাদিকসহ কয়েকজনের নামে মামলা হওয়ায় সাংবাদিক মহলে ক্ষোভ ছড়িয়ে পড়ে।