- আক্তারুল ইসলাম ::
সাতক্ষীরায় পেশাগত ও স্থানীয় বিরোধের জেরে দৈনিক সাতক্ষীরা সংবাদের স্টাফ রিপোর্টার মো. আজিজুল ইসলামকে (৪৫) প্রকাশ্যে কুপিয়ে হত্যার চেষ্টা চালিয়েছে একদল দুর্বৃত্ত।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) সন্ধ্যায় সাতক্ষীরা পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের ইটাগাছা বাঙালের মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকালে পরবর্তী সময়ে আজিজুল ইসলাম বাঙালের মোড় এলাকায় অবস্থান করছিলেন। এ সময় ৭ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি নাহিদ হাসানের নেতৃত্বে বেশ কয়েকজন যুবক দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে তার ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে রক্তাক্ত অবস্থায় ফেলে রেখে পালিয়ে যায়।
হাসপাতাল সূত্রে জানা গেছে, আজিজুল ইসলামের শরীরে গভীর ক্ষত সৃষ্টি হয়েছে এবং প্রচুর রক্তক্ষরণ হওয়ায় তার অবস্থা বর্তমানে আশঙ্কাজনক। তিনি এখন নিবিড় পর্যবেক্ষণে (ICU) চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয়দের অভিযোগ, অভিযুক্ত ছাত্রলীগ নেতা নাহিদ হাসানের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা ও চোরাচালানের সিন্ডিকেট নিয়ন্ত্রণের অভিযোগ রয়েছে। এই অপকর্মের প্রতিবাদ করা বা সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক আজিজুল ইসলামের ওপর এই হামলা চালানো হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে ঘটনার পর থেকে নাহিদ হাসান পলাতক থাকায় এ বিষয়ে তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।
এই বর্বরোচিত হামলার ঘটনার পর ইটাগাছা এলাকায় সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে। সচেতন নাগরিক সমাজ এই ঘটনার নিন্দা জানিয়ে দ্রুত অপরাধীদের গ্রেপ্তারের দাবি তুলেছেন।
তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত কোনো আনুষ্ঠানিক মামলা বা গ্রেপ্তারের খবর পাওয়া যায়নি।
”পেশাদার সাংবাদিকদের ওপর এমন নগ্ন হামলা স্বাধীন সাংবাদিকতার পথে বড় অন্তরায়। আমরা দ্রুত দোষীদের আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।” — স্থানীয় সাংবাদিক নেতৃবৃন্দ।