নিজস্ব প্রতিবেদক, কয়রা::
সুন্দরবনের কোবাদক স্টেশনের কঞ্চি খালের বাইনতলা এলাকায় বনদস্যু (ডাকাতদের) লক্ষ্য করে বনবিভাগের টহল সদস্যদের গুলি বর্ষনের ঘটনা ঘটেছে। শুক্রবার (১০ এপ্রিল) বিকেলে সাতক্ষীরা রেঞ্জের একটি বিশেষ টিম নিয়মিত টহলের অংশ হিসেবে ঐ এলাকায় অবস্থানকালে ডাকাতদের উপস্থিতি টের পেয়ে অন্তত ৭ রাউন্ড ফাঁকা গুলি বর্ষণ করে।
বণবিভাগের দাবি, এ সময় দুষ্কৃতিকারীরা বনের গভীরে পালিয়ে যায়।
বন বিভাগ সূত্র জানায়, সাতক্ষীরা রেঞ্জের একটি বিশেষ টিম বিকাল প্রায় ৩টার দিকে স্টেশনাধীন কঞ্চির খালের বাইনতলা এলাকায় টহলরত ছিল। এ সময় বনের ভেতরে কিছু সন্দেহভাজন দুষ্কৃতিকারীর উপস্থিতি টের পেয়ে তাদের ছত্রভঙ্গ করতে ৭ রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে।
পরে ঘটনাস্থল ও আশপাশ এলাকায় তল্লাশি চালিয়ে তিনটি দেশীয় অস্ত্র এবং ৪টি কার্তুজ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত আলামত বন বিভাগের হেফাজতে নেওয়া হয়েছে।
এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও আটক করতে বন বিভাগের অভিযান অব্যাহত রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানায়। এছাড়া সুন্দরবনে নিরাপত্তা জোরদার করতে টহল কার্যক্রম আরও বাড়ানো হয়েছে বলেও দাবি করেছে বনবিভাগ।