সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি::
সৈয়দপুরে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর শিক্ষার্থীদের উপস্থিতি বাড়তে শুরু করায শিক্ষা কার্যক্রম স্বাভাবিক হতে শুরু করেছে। আগামি ২/১ দিনের মধ্যে শিক্ষার্থীদের উপস্থিতি হার বেড়ে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম পুরোপুরি স্বাভাবিক হবে বলে আশা প্রকাশ করছেন শিক্ষকরা।
রবিবার (১৮ আগস্ট) উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানেে দেখা গেছে, শিক্ষার্থীদের পদচারনায় মুখরিত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর চত্বর। গত কয়েক দিন আগেও প্রতিট ক্লাসে হাতে গোনা কয়েকজন শিক্ষার্থী থাকলেও এখন আর তা,নেই। আগের তুলনায় ক্লাসে ক্লাসে শিক্ষার্থীদের উপস্থিতি চোখে পড়ার মতো। শহরের সানফ্লাওয়ার স্কুল এন্ড কলেজের ৯ম শ্রেণির শিক্ষার্থী মোস্তাকিমা পারভীন জানায়, আমি রংপুরের তারাগঞ্জ থেকে আসি। রাজনৈতিক অস্থিরতার কারণে এ কয়দিন স্কুলে আসিনি। তবে আজ (রবিবার) থেকে আবার নিয়মিত ক্লাস করব। নাসরিন সুলতানা নামের এক অভিভাবক বলেন, কয়েকদিন দেশের পরিস্থিতির কারণে ভয়ে মেয়েকে স্কুলে পাঠাইনি। কিন্তু এখন পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় মেয়েকে নিয়মিত স্কুলে যেতে বলেছি।
সৈয়দপুর আদর্শ বালিকা বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ হাবিবুর রহমান জানান, তাঁর প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের উপস্থিতি ভাল। তবে শিক্ষার্থীদের শতভাগ উপস্থিতি নিশ্চিত করতে শিক্ষকদের নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি মুঠোফোনে শিক্ষার্থীদের অভিভাবকদেরও জানানো হয়েছে। ২/১ দিনের মধ্যে উপস্থিতি আরও ভালো হবে জানিয়ে তিনি বলেন এতদিন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় শিক্ষার্থীদের পড়াশোনায় যে ক্ষতি হয়েছে, তা পুষিয়ে নেওয়ার জন্য সব পদক্ষেপ নেওয়া হয়েছে। হাজারীহাট স্কুল ও কলেজের অধ্যক্ষ লুৎফর রহমান চৌধুরী বলেন, ধীরে ধীরে শিক্ষার্থীদের উপস্থিতি বাড়ছে। তবে আমরা সন্দিহান যে, সম্প্রতি স্কুল শাখায় ষান্মাসিক (মূল্যায়ন) পরীক্ষা ৪টি বিষয়ে হয়ে গেছে বাকি বিষয়গুলোর কি পদ্ধতিতে হবে তা নিয়ে চিন্তায় আছি। তবে যে বিষয়ে পরীক্ষা হয়েছে সেগুলো বাদে আমরা অন্য বিষয়গুলো নিয়ে শিক্ষার্থীদের পাঠদান দিচ্ছি।
সৈয়দপুর উপজেলা শিক্ষা অফিসার সাইফুল ইসলাম প্রামাণিক জানান, শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে শিক্ষার্থীদের উপস্থিতি খুবই ভালো। আশা রাখি আরও ভালো হবে। তিনি আরও বলেন, নতুন কারিকুলামে যে ৪টি বিষয়ে পরীক্ষা হয়েছে পরবর্তি নির্দেশনা মোতাবেক বাকি পরীক্ষাগুলো নেওয়া হবে।
উল্লেখ্য, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভের মুখে গত ১৬ জুলাই শিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠানে শ্রেণি কার্যক্রম বন্ধের ঘোষণা দেয় শিক্ষা মন্ত্রণালয়। ওই সময় সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিদ্যালয় ও কলেজগামী শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরবর্তীতে মন্ত্রণালয় রবিবার থেকে দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠান চালুর নির্দেশনা দেওয়া হয়।
দীপ্ত নিউজ/মিলন/এসকে-ডি