সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি::
চলতি বছরের ৩১ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি পর্যন্ত নেপালে অনুষ্ঠিত “৫ম সাউথ এশিয়া সেপাক টাকরো চ্যাম্পিয়নশীপ” ২০২৪ প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করা সৈয়দপুরের খেলোয়াড়গন ব্রোঞ্জ পদক লাভ করেছে।
তাদের ওই অসাধারণ কৃতিত্বের জন্য সোমবার (২৭ মে) সকালে কৃতি খেলোয়াড়দের সংবর্ধনা দিয়েছে সৈয়দপুর উপজেলা ক্রীড়া সংস্থা। সৈয়দপুর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি মো. নুর-ই -আলম সিদ্দিকী। অনুষ্ঠানে কৃতি খেলোয়াড়দের প্রশংসা করে বক্তব্য বলেন উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও সৈয়দপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবং সাবেক উপজেলা চেয়ারম্যান মোখছেদুল মোমিন, সাংবাদিক সাকির হোসেন বাদল।
এছাড়া প্রতিযোগিতায় অংশ নেয়া কৃতি নারী খেলোয়াড় ববিতা রানী রায় তাঁর অভিজ্ঞতার কথা তুলে ধরেন। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু মে. আলেমুর বাশার,উপজেলা একাডেমিক সুপারভাইজার আনোয়ার হোসেন, আদর্শ বালিকা বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ হাবিবুর রহমান, লক্ষণপুর স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ রেজাউল করিম রেজা, বাঙ্গালীপুর ইউপি চেয়ারম্যান ডা. শাহাজাদা সরকার, সরকার, উপজেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারণ সম্পাদক মো. আহসান উদ্দিন বাদল,অর্থ সম্পাদক মো. বদিউজ্জামান বদিয়ার, বাঙ্গালীপুর উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক আব্দুস সালাম, বোতলাগাড়ি উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক আজিজুল বারী বসুনিয়া, ক্রীড়া সংগঠক মুক্তার সিদ্দিকীসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ।
শেষে সেপাক টাকরো চ্যাম্পিয়ানশীপ প্রতিযোগিতায় অংশ নেওয়া তিন নারী খেলোয়াড় ববিতা রানী রায়, আইরিন খাতুন ও নিপা সরকারের হাতে সম্মাননা ক্রেস্ট ও পুরস্কার হিসেবে নগদ অর্থ তুলে দেওয়া হয়।